পাকিস্তান সুপার লিগে দল পেয়েছেন রিশাদ হোসেন। দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স সিলভার ক্যাটাগরি থেকে তাকে দলে ভিড়িয়েছে। ২০২০ পিএসএলে লাহোরের হয়ে খেলেছিলেন তামিম ইকবাল। তাই ফ্র্যাঞ্চাইজিটি সম্পর্কে রিশাদকে কিছু পরামর্শ দিয়েছেন তিনি।
বিপিএলে তামিমের অধিনায়কত্বে ফরচুন বরিশালের হয়ে খেলছেন রিশাদ। এই লেগ স্পিনার দল পাওয়ার পর তামিম তাকে অভিনন্দন জানান। অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে রিশাদ বললেন, ‘তামিম ভাই আমাকে কালকে বলছিলেন পিএসএলে ডাক পাওয়ার জন্য অভিনন্দন। ভালো ফ্র্যাঞ্চাইজি, খেলে মজা পাবে। এটাই বলেছেন তামিম ভাই।’
পিএসএলে রিশাদ দল পাবেন তা আগেই কিছুটা অনুমান করেছিলেন বলে জানালেন, ‘আমার এজেন্ট আমাকে বলেছিল পিএসএলে লাহোর কালান্দার্সে সুযোগ পেয়েছো। এটা আমি আগে থেকেই অনুমান করছিলাম আমাকে নেওয়া হতে পারে। এদিক থেকে তাই স্বাভাবিকই ছিলাম।’
এর আগে দুটি ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েও খেলতে পারেননি রিশাদ। এই মুহূর্তে তাই পিএসএল নিয়ে খুব বেশি ভাবতে চান না। পুরো ফোকাসটা রাখতে চান বিপিএলেই, ‘যেকোনও জায়গায় সুযোগ পাওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার। প্রথমেই বলবো আলহামদুলিল্লাহ। আগেই বলেছিলাম আমি কোনও আশা করি না। আইপিএল, বিগ ব্যাশ বা পিএসএল, কিছু আশা করি না। এখন বিপিএলে আছি, এখানেই মনোযোগ দিচ্ছি। যখন ওটা (পিএসএল) আসবে, তখন দেখবো।’









