চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচের আগে পাকিস্তানকে উজ্জীবিত হওয়ার মতো খবর দিলেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তাদের ফাস্ট বোলার হারিস রউফ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার জন্য ‘সম্পূর্ণ ফিট’।
টুর্নামেন্টের আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে রিজওয়ান বললেন, ‘দুইদিন আগে হারিস ৬-৮ ওভার বল করেছিল। গতকালও সুন্দর বল করেছে। আজ পুরো ছন্দে বোলিং করেছে সে। তাছাড়া জিমেও ঘাম ঝরিয়েছে, কোনও ধরনের ব্যথার কথা বলেনি। আমরা মনে করছি, সে সম্পূর্ণ ফিট।’
গত ৮ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বল করার সময় বুকের পেশিতে টান পড়ে হারিসের। সিরিজের বাকি সময় আর খেলেননি। পূর্বসতর্কতা হিসেবে তাকে বাইরে রাখে টিম ম্যানেজমেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ফিট হতে কঠোর লড়াই করেছেন এই পেসার।
সংবাদ সম্মেলন শেষে পাকিস্তানের শেষ ট্রেনিং সেশনে নেটে বোলিং করেছেন রউফ। ধারণা করাই যায়, পাকিস্তান তাদের প্রথম সারির বোলিং লাইন আপ নিয়ে মাঠে নামছে, যেখানে রউফের সঙ্গে আছেন শাহীন আফ্রিদি ও নাসিম শাহ।
সবশেষ ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের কাছে ফাইনালসহ দুইবার হেরেছে পাকিস্তান। রিজওয়ান এই সিরিজের ভুল থেকে শিক্ষা নিয়ে ভালো কিছুর আশাবাদ ব্যক্ত করলেন, ‘আমরা ১০ বছর ধরে ভুগেছি, যখন এখানে কেউ আসতো না। কিন্তু পাকিস্তান এখনও দারুণ ফল বের করে আনতে পারে, আমাদের সামর্থ্য নিয়ে কোনও সংশয় নেই।’
প্রথম ম্যাচে আন্ডারডগ মনে করা হচ্ছে পাকিস্তানকে। কারণ ত্রিদেশীয় সিরিজে হার। এনিয়ে রিজওয়ান বলেন, ‘উত্থান পতন থাকে এবং আমাদের দলে কিছু ঘাটতি আছে। আমরা এই ব্যাপারে অবগত। আমাদের পেশাদারিত্ব ও ধারাবাহিকতায় কিছু উন্নতি করতে হবে।’









