ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি অল্পের জন্য বেঁচে গেলেন। বর্ধমানে একটি ইভেন্টে যোগ দিতে যাওয়ার সময় তার গাড়ি সড়ক দুর্ঘটনায় পড়েছে। দন্তনপুরের দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
সৌরভ ছিলেন রেঞ্জ রোভারে। স্বাভাবিক গতিতেই চলছিল তার গাড়ি, কিন্তু হঠাৎ করে একটি ট্রাক পেছন থেকে তার গাড়িকে ধাক্কা দেয়। সাবেক অধিনায়কের ড্রাইভার সঙ্গে সঙ্গে গাড়ি ব্রেক করেন। তাতে তার পেছনে থাকা গাড়িগুলোতেও সংঘর্ষ হয়।
ভাগ্য ভালো যে এই ঘটনায় কেউ আহত হননি। যদিও সৌরভের সঙ্গে থাকা বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০ মিনিট অপেক্ষার পর আবার গন্তব্যে যাত্রা শুরু করেন সাবেক বিসিসিআই সভাপতি।
গত জানুয়ারিতে সৌরবের মেয়ে সানাও অল্পের জন্য সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে যান। কলকাতার বেহালায় তার গাড়িকে একটি বাস ধাক্কা দিয়েছিল।








