আইপিএলে প্রথম তিন ম্যাচের জন্য রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব পেয়েছিলেন রিয়ান পরাগ। ভারপ্রাপ্ত দায়িত্বের শেষ ম্যাচে দলকে প্রথম জয় এনে দিতে পারলেও গুনতে হলো জরিমানা। চলতি আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়ার পর দ্বিতীয় স্লো ওভার রেটে শাস্তি পেলেন পরাগ।
রবিবার রাতে গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয় পেয়েছে রাজস্থান। দুই ম্যাচ হারের পর সাফল্য এলেও অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এবারের সংশোধিত নিয়ম অনুযায়ী কোনও অধিনায়ককে স্লো ওভার রেটের কারণে নিষিদ্ধ হতে হচ্ছে না। জরিমানা ও মাঠের মধ্যে ফিল্ডিংয়ে সীমাবদ্ধতার শাস্তি দেওয়া হচ্ছে।
রাজস্থান তিন ফাস্ট বোলারকে দিয়ে সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে ১১ ওভার বল করিয়েছে। তাতে করে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি তারা। নিতিশ রানার ৮১ রানে রাজস্থান ৯ উইকেটে ১৮২ রান করেছিল। তারপর শেষ ওভারে দারুণ বোলিংয়ে চেন্নাইকে ১৯ রান নিতে দেয়নি। ৬ রানের জয় পায় তারা।
নিয়মিত অধিনায়ক সাঞ্জু স্যামসন আঙুলের চোটে এবার শুরুতে নেতৃত্ব দিচ্ছেন না। কেবল ব্যাটার হিসেবে খেলছেন তিনি।








