সাবেক ক্রিকেটারদের নিয়ে হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল)। সেই টুর্নামেন্টে বার্মিংহামে রবিবার পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতের। কিন্তু ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের সঙ্গে বর্তমান রাজনৈতিক সম্পর্ক বিবেচনায় নিয়ে দেশটির বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। যাদের মধ্যে রয়েছেন সুরেশ রায়না, শিখর ধাওয়ানও। তাই ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল করতে হয়েছে।
এপ্রিলে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। দেশ দুটির সংঘাতের প্রভাব পড়ে আইপিএল ও পিএসএলেও। তাতে সাময়িকভাবে স্থগিত হয়ে পড়ে টুর্নামেন্ট।
কিন্তু আয়োজকরা এক বিবৃতিতে জানান, এই ম্যাচটি বুঝে শুনেই পরিকল্পনা করেছিলেন তারা। কারণ এই বছরেই পাকিস্তানের হকি দল ভারত সফর করবে। তাছাড়া অনূর্ধ্ব-১৬ ভলিবল দলেরও ম্যাচ হয়েছে দুই দেশের। যা তাদের ম্যাচ আয়োজনে অনুপ্রাণিত করেছিল।
শিখর ধাওয়ান এক্স-এ নিজের বিবৃতির স্ক্রিনশট পোস্ট করে লিখেছেন, ‘আনুষ্ঠানিকভাবে পুনরায় জানানো হচ্ছে যে শিখর ধাওয়ান আসন্ন ডব্লিউসিএল লিগে পাকিস্তান দলের বিপক্ষে কোনও ম্যাচে অংশ নেবেন না। এই বিষয়ে আলোচনা ইতোপূর্বেই ১১ মে ২০২৫ তারিখে ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে হয়েছে। ভারত ও পাকিস্তানের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং বিদ্যমান উত্তেজনার প্রেক্ষাপটে ধাওয়ান ও তার দল ভেবে চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা এই বিষয়ে লিগ কর্তৃপক্ষের সদয় সহযোগিতা কামনা করি।’
বার্মিংহামে ডব্লিউসিএল-এর দ্বিতীয় সংস্করণ শুরু হয়েছে ১৮ জুলাই। ইতিমধ্যে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তান উদ্বোধনী ম্যাচ খেলেছে, তবে রবিবারের ম্যাচটি ভারতের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল। যুবরাজ সিং ভারতের নেতৃত্ব দিচ্ছেন, আর মোহাম্মদ হাফিজ পাকিস্তানের অধিনায়ক। রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দলও।








