কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল জয়ী প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। এরপর বোলিং কনসালট্যান্ট ভরত অরুণকেও হারালো তারা। কলকাতার চাকরি ছাড়তেই নতুন গন্তব্যে ভরত। লখনউ সুপার জায়ান্টস তাদের নতুন বোলিং কোচ করেছে তাকে। বুধবার ফ্র্যাঞ্চাইজিটি এই খবর নিশ্চিত করেছে।
সাড়ে চার বছর কলকাতার বোলারদের উন্নয়নের দায়িত্বে ছিলেন ভরত। লখনউতে বোলিংয়ের কোচ হওয়ার পাশাপাশি স্কাউটিং ও তরুণ পেসারদের উন্নয়নে কাজ করবেন তিনি।
এক বিবৃতিতে ভরত বলেছেন, ‘লখনউ সুপার জায়ান্টসে যোগ দিতে পারা সম্মানের, এটি এমন ফ্র্যাঞ্চাইজি যাদের প্রত্যেক পর্যায়ে পেশাদারিত্ব, উচ্চাকাঙ্ক্ষা ও দৃষ্টি প্রতিফলিত হয়।’
লখনউতে ভরতের ভূমিকায় আগে ছিলেন সাবেক ভারতীয় পেসার জহির খান। দলের মেন্টরও ছিলেন তিনি। তার দল প্লে অফ খেলতে ব্যর্থ হয়েছিল, মৌসুম শেষ করেছিল আটে থেকে।
ভরত এর আগে দুই দফায় ভারতীয় দলের কোচিং টিমে ছিলেন। এছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অংশও ছিলেন তিনি।








