দ্য ওভাল টেস্টে চতুর্থ দিনেই ম্যাচ শেষ হয়ে যেতো। বিকালের সেশনে খেলা হয়েছিল মাত্র ১০.২ ওভার। কিন্তু বেরসিক বৃষ্টিতে রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচ গড়ালো পঞ্চম দিনে। জো রুট-হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে ইংল্যান্ডের দিকে ম্যাচ হেলে থাকলেও বৃষ্টির নামার আগে প্রসিধ কৃষ্ণার জোড়া আঘাতে জয়ের পাল্লা ঝুকেছে ভারতের দিকেও। শেষ দিনে ইংল্যান্ডের লাগবে ৩৫ রান, আর ভারতকে জিততে নিতে হবে চার উইকেট!
রুট ও ব্রুকের সেঞ্চুরিতে ওভালে রেকর্ড রান তাড়া করে জেতার মিশনে ইংল্যান্ড চার দিনের খেলা শেষে করেছে ৬ উইকেটে ৩৩৯ রান।
জ্যাক ক্রলিকে প্যাভিলিয়নে ফিরিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল ভারত। ৫০ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর নতুন দিনে সকালের সেশনে গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নেয় তারা।
৩৪ রানে চতুর্থ দিন খেলতে নামা বেন ডাকেট ৫৪ রান করে প্রসিধ কৃষ্ণার বলে লোকেশ রাহুলের ক্যাচ হলেন। অধিনায়ক অলি পোপ (২৭) সুবিধা করতে পারেননি। মোহাম্মদ সিরাজের এলবিডাব্লিউর ফাঁদে পড়েন তিনি।
৩৭৪ রানের লক্ষ্য দেওয়া ভারত ১০৬ রানে তিন উইকেট তুলে নিয়ে কিছুটা স্বস্তিতে ছিল। হ্যারি ব্রুক ও জো রুট তাদের সেই স্বস্তি কেড়ে নেন। দুজনের জুটিতে ভারতের ঘাড়ে চেপে বসে ইংল্যান্ড।
৯৮ বলে ১৪ চার ও ২ ছয়ে ১১১ রানের মারকুটে ইনিংস খেলে আকাশ দীপের শিকার হন ব্রুক। ১৯৫ রানের অসাধারণ জুটির ইতি ঘটে তিনি সিরাজের ক্যাচ হলে।
তারপর রুটের দুর্দান্ত সেঞ্চুরিতে জয় উঁকি দিচ্ছিল ইংল্যান্ডকে। ১৩৭ বলে ১২ চারে ৩৯তম টেস্ট শতকের দেখা পান তিনি।
রুট ও জ্যাকব বেথেলের জুটিতে ছন্দ ধরে রাখে ইংল্যান্ড। কিন্তু প্রসিধ চমৎকার এক ব্রেকথ্রুতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ভারতীয় পেসার টানা দুই ওভারে এই দুজনকে ফেরান।
৩১ রানের জুটিতে ৫ রান করে বেথেল বোল্ড হন। প্রসিধের পরের ওভারে ধ্রুব জুরেলের গ্লাভসে ধরা পড়েন রুট। ১৫২ বলে তার ১০৫ রানের ইনিংস শেষ হলে হোঁচট খায় ইংল্যান্ড।
সাত ও আট নম্বরে নেমে জেমি স্মিথ ও জেমি ওভারটন বেশ সতর্ক হয়ে খেলতে থাকেন। কিন্তু রোমাঞ্চকর লড়াই ফুরাতে দেয়নি বৃষ্টি। ম্যাচ নিয়ে গেছে পঞ্চম দিনে।
স্মিথ ২ ও ওভারটন রানের খাতা না খুলে অপরাজিত আছেন।









