এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ২৫ সদস্যের প্রাথমিক দল নিয়ে চলছে ফিটনেস ক্যাম্প। রবিবার সকালে গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ১৬০০ মিটারের রানিং সেশন। এদিন দিনের আলো ফোটার আগেই অ্যাথলেটিকস ট্র্যাকে হয়েছে ক্রিকেটারদের ফিটনেস যাচাই। যে পরীক্ষায় সবার চেয়ে ভালো করেছেন তরুণ পেসার নাহিদ রানা। অবশ্য ফিটনেস যাচাইয়ের প্রথম দিন হাজির ছিলেন না টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ও তাওহীদ হৃদয়।
গত দুই বছর ধরে ফিটনেস পরীক্ষায় অ্যাথলেটিকস ট্র্যাক ব্যবহারের রীতি চালু করেছে বিসিবি। ব্যস্ত আন্তর্জাতিক মৌসুম শুরুর আগে ক্রিকেটারদের শারীরিক প্রস্তুতি যাচাইয়ের এটাই প্রক্রিয়া। আসন্ন এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে প্রাথমিক দল ও টেস্ট পুলের ক্রিকেটারদের নিয়ে রবিবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত সময় ধরা থাকলেও বেশিরভাগ ক্রিকেটার সাড়ে ৬টার মধ্যে উপস্থিত হন গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে। ট্রেনার নাথান কেলির নেতৃত্বে চলে ১৬০০ মিটার দৌড়সহ অন্যান্য কার্যক্রম।
এদিন, ১৬০০ মিটার এই দৌড়ে সবচেয়ে কম সময় নিয়েছেন নাহিদ। তরুণ এই পেসার ৫ মিনিট ৩১ সেকেন্ড সময়ে দৌড় শেষ করেছেন। আরেক পেসার তানজিম হাসান সাকিব দ্বিতীয় হয়েছে ৫ মিনিট ৫৩ সেকেন্ড সময় নিয়ে। নাহিদের এমন পারফরম্যান্স দেখে সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হাসতে হাসতে বলেছেন, ‘তোকে (নাহিদ) অলিম্পিকে পাঠাবো।’
এদিনের সেশনে অনুপস্থিত ছিলেন লিটন দাস। লিটনের পাশাপাশি ছিলেন না তাওহীদ হৃদয়ও। লিটন-হৃদয়ের না থাকা নিয়ে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে অসুস্থতার কারণে আসতে পারেননি লিটন। অন্যদিকে চিকিৎসার জন্য তাওহীদ লন্ডনে গেছেন।
গত ৬ আগস্ট থেকে মিরপুরে শুরু হয়েছে জাতীয় দলের ফিটনেস ক্যাম্প। ১৫ আগস্ট থেকে স্কিল ট্রেনিং করবেন লিটন দাসরা। এরপর ২০ আগস্ট তারা চলে যাবেন সিলেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলবে নিবিড় অনুশীলন। ওই ভেন্যুতেই ৩০ অগাস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ দল।
সিরিজ শেষ করে বাংলাদেশ দল চলে যাবে আরব আমিরাতে। সেখানে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপের টি-টোয়েন্টি আসর। ১১ সেপ্টেম্বর আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে লিটনরা।









