এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। সেই দলে জায়গা হয়নি অভিজ্ঞ বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। দলটির নেতৃত্বে থাকছেন সালমান আগা।
এই দলটি আবার এশিয়া কাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজও খেলবে।
গত ডিসেম্বরের পর থেকেই টি-টোয়েন্টি দলে নেই বাবর। পিএসএলে ৭ ম্যাচে ৫৩*, ৫৩* ও ৯৪ রানের স্কোর করলেও টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের জন্য বিবেচিত হননি। অথচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া ওয়ানডে দলের অংশ ছিলেন তিনি। সেখানে তার স্কোর ছিল ৪৭,০ ও ৯ রান।
বাবরের মতো পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ব্রাত্য হয়ে পড়েছেন রিজওয়ানও। সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজগুলোতে তারও জায়গা হয়নি। অথচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার স্কোর ছিল ৫৩, ১৬ ও ০ রান।
শারজায় ত্রিদেশীয় সিরিজ ২৯ আগস্ট শুরু হয়ে চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। তার পর আবু ধাবি ও দুবাইয়ে এশিয়া কাপ শুরু ৯ সেপ্টেম্বর। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে পাকিস্তান পড়েছে গ্রুপ ‘এ’ তে। সেখানে তাদের গ্রুপ সঙ্গী ভারত, সংযুক্ত আরব আমিরাত, ওমান। বি গ্রুপে রয়েছে- বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপে পাকিস্তান স্কোয়াড:
সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহীন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।








