বিপিএলে নাসির হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে নোয়াখালী এক্সপ্রেসকে ৭ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। দাপুটে এই জয়ে তাদের প্লে-অফের আশা টিকে রয়েছে।
বুধবার সিলেটে শুরুতে বল হাতে ৩ ওভারে ২৪ রান দিয়ে একটি উইকেট নেওয়ার পর ব্যাট হাতে অপরাজিত ৯০ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন নাসির। মাত্র ৫০ বলে করা তার ইনিংসে ছিল ১৪টি চার ও ২টি ছক্কা। নাসিরের ব্যাটেই ১৩৪ রানের লক্ষ্য ৩ উইকেট হারিয়ে ১৪.১ ওভারে পূরণ করেছে ঢাকা। ছয় ম্যাচে ঢাকার এটি দ্বিতীয় জয়। দলটা টানা তিন ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে। অন্যদিকে, নোয়াখালী এক্সপ্রেস টুর্নামেন্টে টানা পঞ্চম হারের স্বাদ পেয়েছে।
নাসির এদিন ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ২১ বলে ফিফটি পূরণ করেছেন। যা চলতি আসরে তার দ্রুততম ফিফটি। ইমাদ ওয়াসিম ১৬ বলে অপরাজিত ২৯ রান করে তাকে দারুণ সঙ্গ দেন। চতুর্থ উইকেটে দুজন মিলে গড়েন অবিচ্ছিন্ন ৬১ রানের জুটি।
নোয়াখালীর হয়ে বল হাতে তিন ওভারে ১৭ রানে দুটি উইকেট নেন হাসান মাহমুদ।
শুরুতে ব্যাট করতে নেমে আবারও ব্যর্থতার পরিচয় দেয় নোয়াখালী। সিলেট টাইটান্সের বিপক্ষে আগের ম্যাচে মাত্র ৬১ রানে গুটিয়ে যাওয়ার ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি তারা। প্রথম ১০ ওভারেই ৫ উইকেট হারিয়ে তাদের রান দাঁড়ায় ৪০।
তার পর হায়দার আলী ও মোহাম্মদ নবী ষষ্ঠ উইকেটে ৬৪ বলে ৯০ রানের জুটি গড়ে ইনিংস টেনে নেওয়ার চেষ্টা করেন। তাদের ব্যাটিংয়েই স্কোর কিছুটা সম্মানজনক স্থানে গেছে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৩ রানে থামে নোয়াখালী।
অধিনায়ক হায়দার আলী শেষ ওভারে আউট হওয়ার আগে ৩৬ বলে ৪৭ রান করেন। মোহাম্মদ নবী ৩৩ বলে অপরাজিত থাকেন ৪২ রানে।









