ম্যাচের প্রথম বলেই উইকেট—আর সেই এক বলেই ইতিহাস! বাংলাদেশের বিপক্ষে ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টের শুরুটা যেন নিজের করে নিয়েছেন মিচেল স্টার্ক। প্রথম বলেই সাদমান ইসলামকে ফিরিয়ে ইংল্যান্ডের কিংবদন্তি জেমস অ্যান্ডারসনের রেকর্ড ভেঙে টেস্টে সর্বাধিক প্রথম বলে পাওয়া উইকেটের মালিক হয়ে গেছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই একাধিক রেকর্ড গড়েছেন ৩৬ বছর বয়সী মিচেল স্টার্ক। ম্যাচের প্রথম বলেই সাদমান ইসলামকে গালি অঞ্চলে ক্যাচে পরিণত করেন তিনি। এর ফলে টেস্ট ক্যারিয়ারে প্রথম বলে তার উইকেটের সংখ্যা দাঁড়ায় ৯টি। এই পরিসংখ্যানে তিনি ছাড়িয়ে গেছেন ইংল্যান্ডের কিংবদন্তি জেমস অ্যান্ডারসনকে, যিনি প্রথম বলেই ৮টি উইকেট নিয়েছিলেন।
১০৭তম টেস্ট খেলতে নামা স্টার্ক একই দিনে ছাড়িয়ে যান দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ডেল স্টেইনকেও। স্টেইনের ৪৩৯ টেস্ট উইকেটের রেকর্ড পেরিয়ে এখন স্টার্কের উইকেট ৪৪১টি, যা তাকে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ১০ নম্বরে তুলে দিয়েছে। আর এই তালিকায় তার ওঠাটা এসেছে একেবারে বিধ্বংসী বোলিংয়ে। ১০ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন স্টার্ক। এর মধ্যে ছিল ছয়টি মেডেন ওভার। তার বোলিংয়ের সামনে মাত্র ৩৪ ওভারেই ৬৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
স্টার্কের আরেকটি রেকর্ড আরও অবিশ্বাস্য।মাত্র ২২ বলে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে এটি তাঁর দ্বিতীয় দ্রুততম পাঁচ উইকেট এবং এই সংস্করণের ইতিহাসে ষষ্ঠ দ্রুততম পাঁচ উইকেট শিকার। তবে এই জায়গায়ও স্টার্কের নিজেরই একটি বিশ্বরেকর্ড রয়েছে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাওয়ে টেস্টে মাত্র ১৫ বলে পাঁচ ব্যাটারকে আউট করে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি।









