নারী এশিয়া কাপে নবাগত ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। শুরুর ম্যাচে দারুণ বোলিংয়ের পুরস্কার পেয়েছেন পেসার মারুফা আক্তার। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়েছেন তিনি।
মঙ্গলবার হালনাগাদকৃত আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী মারুফার অবস্থান এখন ৩৭তম। গতকাল বাংলাদেশের ৭১ রানের জয়ে ৩ ওভারে ৬ রানের বিনিময়ে তিনি নেন ২ উইকেট।
ব্যাটারদের তালিকায় উন্নতি করেছেন সোবহানা মোস্তারির। ৪২ বলে ৪০ রানের ইনিংস খেলার পর তিনি এক ধাপ এগিয়ে অবস্থান করছেন ৩৯তম স্থানে।
একটি ছক্কা ও তিনটি চারে ১৮ বলে অপরাজিত ৩১ রান করে এক ধাপ এগিয়েছেন আরেক ব্যাটার স্বর্ণা আক্তার। তালিকায় যৌথভাবে ৫৪তম স্থানে আছেন তিনি। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার দুই ধাপ। রাবেয়া খানের সঙ্গে যৌথভাবে ৩১ নম্বরে আছেন তিনি। এখানে সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।









