বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্নীতির অভিযোগে সাবেক ৩ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে তাদের বিরুদ্ধে আইসিসির দুর্নীতিবিরোধী বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তারা হলেন- বিসিবির সাবেক পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ মুখলেসুর রহমানের (শামীম)। বাকি দুজন হলেন বিসিবির সাবেক নিরাপত্তা সংযোগ কর্মকর্তা (এসএলও) জাকির হোসাইন এবং বগুড়া জেলার সাবেক বিসিবি কাউন্সিলর ও বিসিবির অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর ঘিরে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের তদন্তের পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। আইসিসির অ্যান্টি-করাপশন কোড অনুযায়ী, অভিযোগের নোটিশ পাওয়ার পর নিজেদের বক্তব্য জানানোর সুযোগ পাবেন তারা। প্রত্যেকেরই ১৪ দিনের মধ্যে নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিতে হবে।
শামীমের বিরুদ্ধে চার ধরনের অভিযোগ
বিসিবির সাবেক পরিচালক মুহাম্মদ মুখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে আইসিসির দুর্নীতি বিরোধী চারটি ধারা ভঙ্গের অভিযোগ রয়েছে।
তার মধ্যে রয়েছে বিপিএলের ম্যাচের ফল, অগ্রগতি, আচরণ বা অন্য কোনো দিক অনুচিতভাবে প্রভাবিত করার চেষ্টা বা এ ধরনের প্রচেষ্টার সঙ্গে যুক্ত থাকা।
এ ছাড়া কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে যুক্ত হতে সরাসরি বা পরোক্ষভাবে প্ররোচিত, উৎসাহিত কিংবা সহায়তা করার অভিযোগও রয়েছে।
দুর্নীতিমূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার প্রস্তাব বা যোগাযোগ পাওয়ার পর নির্ধারিত অ্যান্টি-করাপশন কর্মকর্তাকে তা যথাসময়ে জানানো হয়নি—এমন অভিযোগও আনা হয়েছে।
সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো, সম্ভাব্য দুর্নীতির তদন্তে গুরুত্বপূর্ণ হতে পারে-এমন যোগাযোগ বা তথ্য গোপন, মুছে ফেলা কিংবা ধ্বংস করে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ।
জাকিরের বিরুদ্ধে ম্যাচ প্রভাবিত করার অভিযোগ
বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার জাকির হোসেনের বিরুদ্ধে তিনটি ধারায় অভিযোগ আনা হয়েছে।
তার বিরুদ্ধে বিপিএলের ম্যাচের ফল বা গতিপথ অনুচিতভাবে প্রভাবিত করার চেষ্টা এবং কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে যুক্ত করতে প্ররোচনা বা সহায়তার অভিযোগ রয়েছে। এছাড়া অ্যান্টি-করাপশন কর্মকর্তার পরিচালিত তদন্তে যথাযথ কারণ ছাড়া সহযোগিতা না করার অভিযোগও রয়েছে। বিশেষ করে তদন্তের অংশ হিসেবে দেওয়া ডিমান্ড নোটিশ মেনে না চলার অভিযোগ করা হয়েছে।
রাকিবুল ইসলাম সানির বিরুদ্ধেও তদন্তে অসহযোগিতার অভিযোগ
বগুড়া জেলার সাবেক বিসিবি কাউন্সিলর ও সাবেক অডিট কমিটির সদস্যসচিব রাকিবুল ইসলাম সানির বিরুদ্ধে দুটি ধারায় অভিযোগ আনা হয়েছে।
তার বিরুদ্ধে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার কোনো প্রস্তাব বা যোগাযোগের পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত অ্যান্টি-করাপশন কর্মকর্তাকে যথাসময়ে না জানানোর অভিযোগ রয়েছে।
পাশাপাশি সম্ভাব্য দুর্নীতির তদন্তে সহযোগিতা না করা এবং তদন্তের অংশ হিসেবে জারি করা ডিমান্ড নোটিশ মেনে না চলার অভিযোগও আনা হয়েছে।









