পুরো পরিবার নিয়ে কাশ্মিরে ছুটি কাটিয়ে শুক্রবার দেশে ফিরেছেন মাশরাফি বিন মুর্তজা। দেশে ফিরেই আসন্ন প্রিমিয়ার লিগের প্রস্তুতি নিতে মাঠে নেমে পড়েন বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক। এই মৌসুমে তিনি কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে মাঠে নামবেন।
শনিবার জিম সেশনে অংশ নেওয়ার পাশাপাশি ব্যাটিং অনুশীলনও করেছেন তিনি। নেটে প্রায় ২০ মিনিটের মতো ব্যাটিং করেন। বাকি সময়টা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে গল্প-আড্ডাতেই কাটিয়েছেন তিনি।
ডিপিএলের ১২ দলের মধ্যে আটটি দল মিরপুরে, তিনটি দল ফতুল্লা এবং একটি দল বিকেএসপিতে অনুশীলন করেছে। তারকা ক্রিকেটারদের মধ্যে শনিবার প্রায় সবাই অনুশীলন করে কাটিয়েছেন। সাকিব ও মুস্তাফিজ আইপিএল খেলতে ভারতে এবং তামিম ইকবাল ওমরাহ করতে সৌদী আরব অবস্থান করছেন। এছাড়া জাতীয় দলের সবাই ক্লাবগুলোর সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন।
মোহামেডানের হয়ে এই মৌসুম খেলবেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি শনিবার ব্যাটিং অনুশীলনে অনেক ঘাম ঝরিয়েছেন। খানিক বিশ্রাম নিয়ে তিনবার নেটে ব্যাটিং অনুশীলন করেছেন। মুশফিকের চেহারায় ফুটে উঠেছে প্রিমিয়ার লিগে ভালো খেলার তাড়না। বেশ কিছুদিন ধরে তার পারফরম্যান্স হতাশাজনক। হয়তো ২২ এপ্রিল থেকে শুরু হওয়া প্রিমিয়ার লিগেই খরা কাটাবেন মুশফিক।
প্রাইম ব্যাংকের হয়ে এবারের মৌসুম খেলছেন জাতীয় দলের কাজী নুরুল হাসান সোহান ও সাব্বির রহমান রুম্মন। বর্তমানে ফর্মে থাকা সাব্বির এদিন বেশ খানিকক্ষণ তার ব্যাটেও ধার দিলেন।
এবার প্রথমবারের মতো আবাহনীর হয়ে খেলছেন তাসকিন আহমেদ। শনিবার বল হাতে প্রিমিয়ার লিগের প্রস্তুতিটা ভালো ভাবেই নিয়েছেন তিনি। তাসকিনকে বর্তমানে রবি পেসার হান্টের পেসারদের নিয়ে কাজ করা সারোয়ার ইমরান এদিন কিছু নির্দেশনা দিলেন। তাসকিনকে তার অ্যাকশন শোধরাতে টিপস দিলেন অভিজ্ঞ এই কোচ। তাসকিনও মনোযোগ দিয়ে স্যারের তালিম গ্রহণ করছেন।
গত আসরে প্রিমিয়ার লিগের দুই টপ স্কোরার ছিলেন রনি তালুকদার ও লিটন কুমার দাস। আগের আসরে ভালো খেলেই জাতীয় দলে সুযোগ এসেছিল তাদের। কিন্তু সুযোগটা খুব ভালো ভাবে কাজে লাগাতে পারেননি তারা। তাই জাতীয় দল থেকে ছিটকে গেছেন তরুণ এই দুই ক্রিকেটার। তারা দুজনই জাতীয় দলে ঢোকার রাস্তা তৈরি করতে আসন্ন প্রিমিয়ার লিগকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন।
এছাড়া চলতি বছরের শুরুতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা বেশিরভাগ ক্রিকেটারই সুযোগ পেয়েছেন প্রিমিয়ার লিগে। সবাই যার যার দলের হয়ে ঘাম ঝরাচ্ছেন। উদ্দেশ্য একটাই বড়দের ক্রিকেটে নিজেদের আধিপত্য জানান দেওয়া! সেই লক্ষ্যে খুব ভালো ভাবেই প্রস্তুতি নিচ্ছেন মিরাজ-শান্তরা।
শুধু তাই নয় জাতীয় দলের বাইরে থাকা বেশ কিছু খেলোয়াড়ও ছিলেন অনুশীলনে প্রাণবন্ত। বিশেষ করে সোহাগ গাজী, মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে জুটি বেঁধে নেটে অনুশীলন করেছেন। তারা দুজনই শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে মাঠে নামবেন।
সম্প্রতি কোচ হিসেবে আত্মপ্রকাশ করা আফতাব আহমেদ মোহামেডান ক্লাবের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। মাঠে তার উপস্থিতি বাড়তি আকর্ষণ তৈরি করেছে। তার সময়কার ক্রিকেটাররা এখনও অনেক প্রিমিয়ার লিগ খেলছেন। তাদের মধ্যে তাপস বৈশ্য অন্যতম। দুজন মিলে বেশ খানিকটা সময় খুনসুটি করে কাটালেন।
প্রবীন কোচ জালাল আহমেদ চৌধুরী ও নাজমুল আবেদীন ফাহিম এদিন অনুশীলনের শুরু থেকেই একাডেমির মাঠে উপস্থিত ছিলেন। তিনি অনেক ক্রিকেটারদের সঙ্গে আলাদা ভাবে কথা বলেছেন। বিশেষ করে মুশফিক ও সাব্বিরের সঙ্গে বেশ খানিকক্ষণ ধরে কথা বলেছেন সবার প্রিয় ফাহিম স্যার।
/আরআই/এফআইআর/








