ভারতে অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপে যায়নি বাংলাদেশ। যা নিয়ে আলোচনা-সমালোচনা ছিল তুঙ্গে। এ নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে মূলত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ দল।
তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়েছে মঙ্গলবার। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দলের না যাওয়া নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবি পরিচালনা পর্ষদের যৌথ সিদ্ধান্ত ছিল না। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে তখন আসিফ নজরুল নিরাপত্তাঝুঁকির কারণ দেখিয়ে স্বাধীন কোনো পর্যবেক্ষণ ছাড়াই এককভাবে বিশ্বকাপে না যাওয়ার নির্দেশ দেন।
প্রধান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ. কে. এম ওলি উল্যার নেতৃত্বে তিন সদস্যের এই তদন্ত কমিটিতে ছিলেন সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর ও সাবেক জাতীয় অধিনায়ক, জাতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার।









