চোটের সঙ্গে লড়াই করে বারবার মাঠে ফিরেছেন জসপ্রীত বুমরা। কিন্তু ভারতের এই তারকা পেসারকে নিয়ে এবার সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী। তার মতে, বিশ্বকাপের আগে বুমরাকে তিন ফরম্যাটে খেলানো উচিত নয়। টেস্ট ক্রিকেটে বেশি মনোযোগ দেওয়ার পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তাকে বেছে বেছে খেলানো দরকার, যাতে গুরুত্বপূর্ণ সিরিজে পুরোপুরি ফিট অবস্থায় পাওয়া যায় এই পেসারকে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ভারতের জন্য বড় অগ্রাধিকার হতে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার চোটে পড়েছেন তিনি। এমন পরিস্থিতিতে শাস্ত্রী মনে করেন, বুমরাকে সব ফরম্যাটে নিয়মিত খেলানোর বদলে তার শক্তি ও ফিটনেস সংরক্ষণ করা জরুরি।
সনি স্পোর্টসে শাস্ত্রী বলেছেন, ‘বিশ্বকাপ পর্যন্ত আমার মনে হয় না, তার তিন ফরম্যাটেই খেলা উচিত। মূলত টেস্ট ক্রিকেটে মনোযোগ দেওয়া উচিত তার। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলতে পারে বেছে বেছে। নিউজিল্যান্ডে দুটি টেস্টের জন্য আমি বরং তাকে সতেজ রাখতে চাই। সেখানে সে খুবই গুরুত্বপূর্ণ হবে।’
নিউজিল্যান্ড সফরের গুরুত্ব তুলে ধরে শাস্ত্রী আরও বলেন, ‘পুরো সফরটাই গুরুত্বপূর্ণ। ভারতীয় ক্রিকেট কোন দিকে যাচ্ছে, সেটার একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে এই সফর থেকে। সেখানকার কন্ডিশন দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপে ভারত যে ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারে, তার কিছুটা প্রতিফলনও হতে পারে।’
এদিকে ভারতীয় দলে ভুবনেশ্বর কুমারের ফেরার সম্ভাবনা নিয়েও ইতিবাচক শাস্ত্রী। অভিজ্ঞ এই পেসারের দক্ষতা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। ভুবনেশ্বরের মতো মানসম্পন্ন ও অভিজ্ঞ বোলার দলে থাকলে তাকে নেওয়া নিয়ে নতুন করে ভাবার কিছু নেই। আইপিএলে সে যে ফর্ম দেখিয়েছে এবং ভারতের হয়ে এত বছর খেলার অভিজ্ঞতা-সব মিলিয়ে নিউজিল্যান্ডের কন্ডিশনে সে আদর্শ বোলার।’