আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলেছেন, দলটির পাঁচটি শিরোপা জয়েরও অংশ ছিলেন। এবার সেই মুম্বাইয়েরই প্রধান কোচের দায়িত্ব পেলেন কাইরন পোলার্ড। আইপিএল ২০২৭ সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অলরাউন্ডারকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তার নিয়োগের মধ্য দিয়ে শেষ হয়েছে মাহেলা জয়াবর্ধনের অধ্যায়। গত সপ্তাহের শেষ দিকে মুম্বাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন শ্রীলঙ্কার সাবেক এই ব্যাটার।
মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে পোলার্ডের সম্পর্ক দীর্ঘদিনের। ২০১০ সালের আইপিএল মৌসুমের আগে খেলোয়াড় হিসেবে তাকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। এরপর মুম্বাইয়ের হয়ে পাঁচটি আইপিএল শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে। এছাড়া ২০১১ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি (সিএলটি-টোয়েন্টি) জেতা দলেও ছিলেন।
আইপিএলে খেলোয়াড় হিসেবে তার রেকর্ডও বেশ সমৃদ্ধ। ১৮৯ ম্যাচে ৩ হাজার ৪১২ রান করেছেন, স্ট্রাইক রেট ১৪৭.৩২। বল হাতে নিয়েছেন ৬৯ উইকেট। ২০২২ মৌসুমে সর্বশেষ আইপিএলে খেলেছেন তিনি। এরপর ২০২৩ মৌসুমের আগে খেলোয়াড়ি অধ্যায় শেষ করে মুম্বাইয়ের ব্যাটিং কোচের দায়িত্ব নেন। গত চারটি আইপিএল মৌসুমে দলটির ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। এবার সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে হবে প্রধান কোচের দায়িত্বে।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পোলার্ড। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব নেওয়া আমার জন্য সম্মানের। মুম্বাই আমার জীবন ও ক্যারিয়ারের বড় একটি অংশ। এই দল, খেলোয়াড় এবং সমর্থকদের সঙ্গে আমার যে বন্ধন, তা আমার কাছে অনেক মূল্যবান। খেলোয়াড় ও পরে কোচ হিসেবে এই যাত্রার অভিজ্ঞতা থেকে আমি জানি, মুম্বাই ইন্ডিয়ান্স কীসের প্রতিনিধিত্ব করে এবং দলের নীল-সোনালি জার্সির প্রতিনিধিত্ব করার সঙ্গে কতটা দায়িত্ব জড়িয়ে আছে।’
দলের ঐতিহ্য ধরে রাখা, খেলোয়াড়দের বিকাশে সহায়তা করা এবং সমর্থকদের উদ্যাপনের আরও উপলক্ষ এনে দেওয়ার প্রত্যাশাও জানিয়েছেন পোলার্ড। তিনি বলেছেন, ‘খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি। দলের ঐতিহ্যকে এগিয়ে নিতে চাই, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে সহায়তা করতে চাই এবং পল্টনকে (মুম্বাইয়ের সমর্থকগোষ্ঠী) উদযাপনের আরও অনেক কারণ দিতে চাই।’