দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। সেঞ্চুরিয়ানে আজ শুরু হতে যাওয়া ম্যাচে চোটের কারণে খেলতে পারবেন না দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও ছন্দে থাকা পেসার হাসান মাহমুদ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও পাচ্ছে না অধিনায়ক টেম্বা বাভুমাকে। তবে ঘরের মাঠে দুর্দান্ত ফর্মে থাকা প্রোটিয়াদের বিপক্ষে লড়াইটা বাংলাদেশের জন্য বেশ কঠিনই হতে যাচ্ছে। আজ সোমবার বেলা দুইটায় ম্যাচটি মাঠে গড়াবে। দেখাবে টি স্পোর্টস।
দুজন ছিটকে যাওয়াতে একাদশ সাজাতে নতুন করে ভাবতে হচ্ছে বাংলাদেশকে। প্রথম টেস্টে জোহানেসবার্গে ৯ উইকেটে হারের পর এবার আরও কঠিন পরিস্থিতিতে পড়েছে সফরকারীরা। প্রথম ইনিংসে ৪০০ রান করেও হার এড়াতে পারেনি বাংলাদেশ।
অন্যদিকে বাভুমার অনুপস্থিতি ছাড়া দক্ষিণ আফ্রিকার শিবিরে বড় কোনও দুশ্চিন্তা নেই। প্রথম ইনিংসে বাংলাদেশের ৪০০ রানের জবাবে দারুণ ব্যাটিং করে ১৫৭ রানের লিড নিয়েছিল স্বাগতিকরা। প্রথম ইনিংসে প্রতিপক্ষের ৪০০ রান দেওয়ার পরও টেস্ট জয়ের ঘটনা দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে এটি ছিল মাত্র তৃতীয়বার।
নতুন মুখ মার্কেস অ্যাকারম্যান অভিষেকেই সেঞ্চুরি করে ব্যাটিংয়ের নেতৃত্ব দেন। এরপর রায়ান রিকেলটন করেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি। কাগিসো রাবাদার ৭২ রানের ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছাড়িয়ে যায় ৫৫০। বল হাতেও রাবাদা ছিলেন দুর্দান্ত। ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। সাইমন হারমারও দ্বিতীয় ইনিংসে নিজের কার্যকারিতা দেখিয়ে বাংলাদেশের ব্যাটারদের চাপে রাখেন।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক রেকর্ডও বেশ সমৃদ্ধ। সর্বশেষ ১৫টি টেস্টের মধ্যে ১৩টিতেই জিতেছে তারা। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান শিরোপাধারীদের বিপক্ষে বাংলাদেশের কাজটা যে সহজ হবে না, তা বলাই যায়।
তবে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা লড়াইয়ের সামর্থ্য দেখিয়েছিলেন। ১২২ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে ২০৬ রানের জুটি গড়েন তাওহীদ হৃদয় ও লিটন দাস। দুজনই তুলে নেন সেঞ্চুরি। বিশেষ করে হৃদয় আছেন দুর্দান্ত ছন্দে। গত দুই মাসে অপরাজিত ৩৫০ ও ২৪২ রানের দুটি ইনিংস খেলেছেন তিনি।
কিন্তু দক্ষিণ আফ্রিকার লিড নেওয়ার পর বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্র বদলে যায়। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে দীর্ঘ সময় উইকেটে থাকলেও অভিষিক্ত মাহফিজুল ইসলাম নিজেকে মেলে ধরতে পারেননি। দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন মুমিনুল হক। প্রথম ইনিংসে ভালো করা তানজিদ হাসান, হৃদয় ও লিটনও দ্বিতীয় ইনিংসে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি।
বোলিং নিয়েও উদ্বেগ রয়েছে বাংলাদেশের। পেসাররা কয়েকটি পর্যায়ে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি। এবাদত হোসেনকে যথেষ্ট সময় বোলিংয়ে ব্যবহার করা হয়নি। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে মেহেদী হাসান মিরাজের সংগ্রামও অব্যাহত রয়েছে।
তবে ফিল সিমন্স মনে করেন, একজনের অনুপস্থিতি কিংবা ব্যর্থতায় দলে কেউ না কেউ দাঁড়ানোর ক্ষমতা রাখে। ম্যাচের আগে হেড কোচ বলেছেন, ‘শেষ দুই টেস্টে দেখেছি, মুমিনুল না থাকলেও হৃদয় দায়িত্ব নিতে পেরেছে। তাই আমরা এভাবেই ভাবছি যে যার জায়গায় আসবে, সে-ও দায়িত্ব নিয়ে আমাদের চাওয়া অনুযায়ী খেলবে। এ কারণেই তারা দলে আছে।’
হাসানের উদাহরণ টেনে তিনি যোগ করেন, ‘হাসান নেই, তবে আমাদের সঙ্গে আরও চারজন পেসার আছে। তাদের মধ্য থেকেই কাউকে হাসানের বোলিংয়ের দায়িত্ব নিতে হবে।’
তারপরও দ্বিতীয় টেস্টের আগে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়াতে হলে ব্যাটিংয়ে ধারাবাহিকতা এবং বোলিংয়ে বাড়তি নজর দিতে হবে বাংলাদেশকে।