তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়ন, ক্লাব পর্যায়ে আধুনিক ফুটবলের ধারণা বিস্তৃত করা ও জাতীয় ফুটবল দলের সাফল্যই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের একান্ত প্রত্যাশা। আজ রবিবার নব-নির্বাচত কমিটির সদস্যদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সালাউদ্দিন। এরপর তারা বনানীতে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলের মাজার জিয়ারত করেন।
দুপুরে সালাউদ্দিন আসেন বাফুফে ভবনে। মুখোমুখি হন প্রচার মাধ্যমের। কাজী সালাউদ্দিন বলেন, ‘আমাদের ২৫ দফা ইশতেহার ছিল। তবে সবগুলোর মধ্যে কিছু বিষয়ে অগ্রাধিকার দিতে হয়। জেলা পর্যায়ে ফুটবলের উন্নয়নে ব্যাপকভাবে কাজ করতে চাই। ক্লাবগুলোকে আনতে চাই আধুনিক ফুটবলের ধারায়। আর আমার প্রত্যাশা জাতীয় ফুটবল দল এবার আনবে প্রত্যাশিত সাফল্য। তবে এর মানে এই নয় যে একাডেমি, মহিলা ফুটবল আর স্কুল ফুটবল ও অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ হবে না।’
পরপর দুটি আন্তর্জাতিক শিরোপা জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দলের প্রসঙ্গ টেনে সালাউদ্দিন বলেন, ‘এটি আসলে বিগত বছরগুলোতে আমাদের মেয়েদের নিয়ে আমাদের কাজের ফসল। সীমিত সামর্থ্যের মধ্যে তাদের আমরা ফুটবলে রাখতে চেয়েছি।’
দেশের ফুটবল উন্নয়ন সহজ নয় উল্লেখ করে সালাউদ্দিন আরও বলেন, ‘২০৯ টি দেশের মধ্যে ২০৪ টি দেশ ফুটবল খেলে আর উন্নতির চেষ্টা করে। আমরাও চেষ্টা করি, তবে আমি বিশ্বাস করি বাংলাদেশের ফুটবল আরও অনেকদূর যেতে পারবে।’
জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে অনেক ভাবনা সালাউদ্দিনের। তিনি বলেন, ‘বিদেশি কোচ নিয়ে এখন চিন্তা-ভাবনা শুরু করতে পারি। এই কদিন তো পারিনি, এছাড়া যে অবস্থা হয়েছিল তাতে আবার সভাপতি হবো কিনা তার কোনও নিশ্চয়তাও ছিল না। আমার ইচ্ছা নতুন করে ঢেলে সাজাবো জাতীয় দলের সবকিছু। আছে নতুন কিছু পরিকল্পনা।’
এবার জেলা ফুটবলের দিকে বেশি মনোযোগ দেবেন সালাউদ্দিন। এ প্রসঙ্গে বলেন, ‘আমি মনে করি না আমাদের বিগত মেয়াদে জেলা ফুটবলকে উপেক্ষা করা হয়েছে। প্রায় ৪৭টি জেলায় লিগ হয়েছে তবে হয়তো আমাদের আরেকটু বেশি উদ্যোগী হতে হবে।’
সালাউদ্দিন আরও যোগ করেন, ‘আগামী চার বছর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এমন একটা ভিত্তি রেখে যেতে চাই যা আগামীতে যারা ফুটবলের দায়িত্ব নেবে তাদের কাজ অনেক সহজ করে দেয়। আর এবার আমি নিয়ম-শৃঙ্খলার ব্যাপারে অনেক কঠোর থাকবো। দিন শেষে যেহেতেু সব দায়-দায়িত্ব নিতে হয় আমাকেই, তাই প্রতিটি কমিটিতে যোগ্য লোক আছে কিনা তা যাচাই-বাছাই করবো।’
এ সময় বাঁচাও ফুটবল পরিষদকে ধন্যবাদ জানান সালাউদ্দিন। বলেন, ‘ওনারা নির্বাচন করেছেন, ওনাদের ধন্যবাদ। তবে তাদের এটুকু বলতে চাই ভদ্রতা, মার্জিত আচরণ ও ক্রীড়াসুলভ মনোভাবই ক্রীড়াঙ্গনে পথচলার পাথেয়।’
/আরএম/এফআইআর/








