স্বপ্ন স্পর্শ করল লেস্টার সিটি। বহু বছর ধরে স্বযত্নে লালিত স্বপ্ন সোমবার রাতে পূর্ণ হল ক্লদিও র্যানিয়ারির হাত ধরে। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির সঙ্গে টটেনহ্যাম ড্র করার সঙ্গে সঙ্গে ধরাছোঁয়ার বাইরে চলে গেল লেস্টার সিটি। দু’ম্যাচ বাকি থাকতেই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হল তারা। ফুটবল বোদ্ধাদের মতে যা এক রূপকথা।
ইংলিশ ফুটবলের পাওয়ারহাউস বলতে যা বোঝায় লেস্টার তার ধারেকাছেও কোনও দিন ছিল না। ১৩২ বছরের ইতিহাসে কোনও দিন ঘরোয়া লিগে শীর্ষ পর্যায়ের কোনও ট্রফিও জেতেনি। গত মৌসুমে তো তারা দ্বিতীয় ডিভিশনে অবনমনের মুখেও পড়ে গিয়েছিল। সেই টিমই গত জানুয়ারি থেকে প্রিমিয়ার লিগের এক নম্বরে। শেষ পর্যন্ত ইংলিশ অভিজাত ক্লাবগুলোকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন! ভাবা যায়!
চেলসি, ম্যানইউ, ম্যানসিটি, আর্সেনালসহ ইংরেজ ফুটবলের বড় দলগুলোর কেউই যে সময়টায় উঠে দাঁড়াতে পারছে না, তখন মাঝারি আর ছোট দলগুলোকে স্বপ্ন দেখানোর এর থেকে ভাল উদাহরণ হয়? স্বপ্ন তো সত্যি হয় এ ভাবেই।
মৌসুমের শুরুতে লেস্টারের লিগ জেতার উপর বাজির দর ছিল ৫০০০:১। সেই অসম্ভব স্বপ্নকে সম্ভব করলেন র্যানিয়ারি। রবিবার ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন হত লেস্টার। কিন্তু সে দিন ১-১ গোলে রেড ডেভিলসদের সঙ্গে ম্যাচ ড্র করে তারা। ফলে তাদের তাকিয়ে থাকতে হয়েছিল দু’নম্বরে থাকা টটেনহ্যাম আর চেলসি ম্যাচের দিকে। লড়াইয়ে টিকে থাকতে হলে স্ট্যামফোর্ড ব্রিজে এ দিন জিততেই হত স্পার্সদের। কিন্তু ম্যাচ শেষ হয় ২-২ ফলে। ফলে চ্যাম্পিয়ন লেস্টার।
এই র্যানিয়ারি কোচিংয়ে ২০০৪ সালে লিগে দু’নম্বর হয়েছিল চেলসি। একটু আগেভাগে চ্যাম্পিয়ন পার্টির সুযোগটা তৈরি করে দেওয়ায় নিজের সাবেক ক্লাবকে তাই ধন্যবাদ দিতেই পারেন তিনি।
/এমআর/








