ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জিতে ইতিহাস গড়েছে লেস্টার সিটি। যার নৈপুণ্যে এই অর্জন তিনি এই দলের আক্রমণভাগের খেলোয়াড় জেমি ভার্ডি। সেই ভার্ডিই পেলেন ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলারের খেতাব।
ওই সংস্থার সদস্যদের ভোটে ২০১৬ সালে বর্ষসেরা ফুটবলার হয়েছেন ভার্ডি। সতীর্থ রিয়াদ মেহরাজকে পেছনে ফেলে সর্বোচ্চ ভোট পেয়ে এ পুরস্কার পান ২৯ বছর বয়সী এই তারকা। ইতোমধ্যে অবশ্য পেশাদারদের ভোটে বর্ষ সেরা খেলোয়াড়ের খেতাব জিতে নিয়েছেন মেহরাজ ও এনগোলো কন্তে।
চলতি মৌসুমে ক্লাব ও দেশের হয়ে এখন পর্যন্ত ২৪টি গোল করেছেন ভার্ডি।
আগামী ১২ মে লন্ডনে একটি গালা ডিনার আয়োজনের মাধ্যমে ভার্ডিকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা জানানো হবে।
এ দিকে এ সম্মাননা পেয়ে ভার্ডি বলেন, ‘এমন সম্মানজনক পুরস্কার পাওয়াটা বিশাল গৌরবের। এর মাধ্যমে অতীতে খেতাব জয়ীদের নামের তালিকার পাশে আমার নামটিও অন্তর্ভুক্ত হবে, যাদের অনেকেই ছিলেন কীর্তিমান ফুটবলার। আর এই মুহূর্তটা আজীবন মনে রাখব।’
/এফআইআর/








