বিশ্বজুড়ে ক্রিস্টিয়ানো রোনালদোর যেমন কোটি কোটি ভক্ত আছেন ঠিক তেমনি সমলোচক কিংবা নিন্দুকেরও অভাব নেই! বিষয়টি নিজেও জানেন রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘লোকে আমাকে পছন্দ করুক আর নাই করুক। আমার হয়ে সংখ্যাগুলোই সব বলে দেয়। আর আমি ইতিহাসে থাকবো এটা নিশ্চিত।’
নিজের সম্পর্কে এমন মূল্যায়ন করতেই পারেন রোনালদো। কারণ তিনবার ব্যালন ডি’ওর জেতা এই তারকা চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছেন ৯৩টি। যেখানে রয়েছে ৫টি হ্যাটট্রিক। এমনকি চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তাকে এখনও পেছনে ফেলতে পারেনি মেসি। বার্সা তারকা এখনও পিছিয়ে ১০ গোলে।
নিজের সম্পর্কে বলতে গিয়ে পর্তুগিজ স্টার বলেন, ‘আমি সবসময়ই ভেবেছি আমি স্পেশাল। সবসময়ই আমি পরিশ্রম করার চেষ্টা করেছি। নিজের দক্ষতায় বিশ্বাস ছিল। তাই নিজেকে আরও উন্নত করার চেষ্টায় ছিলাম সব সময়ই। সেটা খেলোয়াড় হিসেবে হোক এবং একজন মানুষ হিসেবে হোক।’
এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ১৬টি গোল করেছেন রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় নিজেকে পেয়ে রোনালদো বলেন, ‘আসলেই সৌভাগ্য যে আমি চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা। অবশ্যই এটার অনুভূতি দারুণ। এমন প্রতিযোগিতাকে রিয়াল মাদ্রিদ অনেক ভালোবাসে। আর এমন প্রতিযোগিতার শিরোপা দুইবার জেতাকে ভাগ্যই মনে করি। আমি এই শিরোপা আরও জিততে চাই। আশা করছি এবারও!’
/এফআইআর/








