কাল মঙ্গলবার ভোর ৪টা ৪৫ মিনিটে আবার জাতীয় ফুটবল দলের হেড কোচের দায়িত্ব নিতে ঢাকায় আসছেন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ।
একইভাবে একদিন পর বুধবার আবার ঢাকা আবাহনীর দায়িত্ব নিতে ফিরছেন আরেক সাবেক জাতীয় কোচ অস্ট্রিয়ান জর্জ কোটান।
এর আগে লোডভিক ডি ক্রুইফ ২০১৩ সালের জুনে বাংলাদেশের হেড কোচ হিসেবে তার দায়িত্ব শুরু করেন। ১৬ মাস পর তাকে বরখাস্ত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এরপর ২০১৫ সালে বঙ্গবন্ধু গোল্ড কাপে এক মাসের জন্য আবার তাকে ফিরিয়ে আনে বাফুফে।
মাঝে দায়িত্ব নিয়েছিলেন ইতালিয়ান কোচ ফাবিও লোপেজ ও বাংলাদেশি কোচ মারুফুল হক। কিন্তু তাদের দিয়ে প্রত্যাশিত সাফল্য না পাওয়াতে আবার ডি ক্রুইফের দ্বারস্থ হয়েছে বাফুফে।
তাজিকিস্তানের বিপক্ষে আগামী ২ ও ৭ জুন দুশানবে ও ঢাকায় এশিয়ান কাপের বাছাই পর্বের দুটি প্লে-অফ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই চ্যালেঞ্জে জয়ী হলে আবার ডি ক্রুইফকে জাতীয় দলের স্থায়ী কোচ হিসেবে দেখা যেতে পারে।
ঢাকার মাটিতে পা রেখেই কাল বিকাল সাড়ে ৪টায় প্রথম অনুশীলন সেশন পরিচালনা করবেন ডি ক্রুইফ।
এদিকে গতবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবাহনীর দায়িত্ব নেওয়া জর্জ কোটান স্থলাভিষিক্ত হচ্ছেন ড্রাগো মামিচের। সার্বিয়ান মামিচ এক মাসেরও কম সময়ের জন্য এসেছিলেন আবাহনীতে। পরে তিনি স্বেচ্ছায় দেশে ফিরে যান।
এর আগেও ২০১৪ সালের ডিসেম্বরে আবাহনীর দায়িত্ব নেন কোটান। কিন্ত দলকে দিতে পারেননি প্রত্যাশিত সাফল্য। কোটান ২০০৩ সালে ঢাকায় বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা এনে দিয়েছিলেন। এখন পর্যন্ত সেটিই সাফে বাংলাদেশের একমাত্র শিরোপা।
/আরএম/এফআইআর/








