চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের প্রস্তুতি হিসেবে অনুশীলন করতে মাঠে নেমেছিলেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সেই অনুশীলনে চোট পাওয়ায় তার ফাইনাল খেলা নিয়ে সৃষ্টি হয়েছিল অনিশ্চয়তা। তবে পর্তুগিজ উইঙ্গার নিশ্চিত করে বলেছেন শনিবারের ম্যাচে শতভাগ ফিটনেস নিয়েই মাঠে নামবেন।
ফাইনালে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচের আগে রোনালদো নিজের ফিটনেস নিয়ে বলেছেন, ‘যেই ম্যাচটি গুরুত্বপূর্ণ, সেই ম্যাচেই রোনালদো খেলে। আমি সেই ম্যাচে ১০০ভাগ ফিট হয়েই মাঠে নামবো। এমনকি লিসবনের চেয়েও দুর্দান্ত ফর্মে থেকে মাঠে নামবো।’
নিজের চোট নিয়ে রোনালদো বলেন, ‘লিসবনে আমার হ্যামস্ট্রিংয়ের চোট কষ্ট দিচ্ছিল। আর এটা খুবই ভয়ংকর, যখন আপনি সেরাটা দিতে চাইছেন কিন্তু আপনার শরীর তাতে সাড়া দিচ্ছে না।’
উল্লেখ্য, গত সোমবার অনুশীলন চলাকালীন সময়ে সতীর্থ কিকো ক্যাসিলার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লাগে রোনালদোর। এতে চোট পান তিনি। এদিন আর অনুশীলনই করতে পারেননি সিআর সেভেন।
/এফআইআর/








