খেলার উপযোগী মাঠ প্রস্তুত না হওয়ায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশ সুপার লিগের (বিএসএল) কার্যক্রম। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং সরকার এখনও মাঠের নিশ্চয়তা না দিতে পারায় টুর্নামেন্টের যাবতীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার বিএসএল-এর স্বত্বাধিকারী সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন তরফদার এ তথ্য জানান। তিনি হতাশা প্রকাশ করে বলেন, 'সমঝোতা চুক্তির ছয় মাস পার হলেও, এখনও মাঠের ব্যবস্থা হয়নি। আন্তর্জাতিক মানের মাঠ প্রস্তুত না হওয়ায় আপাতত টুর্নামেন্টের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। সরকার ও বাফুফের নিশ্চয়তা পেলে আবারও কার্যক্রম শুরু হবে।'
উল্লেখ্য, দেশের ফুটবলে জাগরণ তৈরির লক্ষ্যে সাইফ পাওয়ারটেক প্রথমবারের মতো দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনে ১৫ বছরের স্বত্ব কেনে বাফুফের কাছ থেকে। এতে মোট ৮টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেওয়ার কথা। বছরখানেক ধরে এ নিয়ে আলোচনা চললেও তাতে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে দেখা দেয় মাঠের অভাব। এই ভেন্যু সমস্যা না দূর হওয়ায় এবার বিএসএল-এর কার্যক্রম সাময়িক স্থগিত করেছে তারা।
/আরএম/এমআর/








