চোটের কারণে ব্রাজিলের কোপা আমেরিকার দল থেকে ছিটকে পড়েছেন ডগলাস কস্তা। তার জায়গায় কোচ দুঙ্গা দলে ডেকেছেন রিকার্ডো কাকাকে।
একসময় এসি মিলান, রিয়াল মাদ্রিদের মতো বিশ্বখ্যাত ক্লাবে খেললেও এখন কাকার ঠিকানা মেজর লিগ সকারের অরল্যান্ডো সিটি। যুক্তরাষ্ট্রে মোটামুটি ভালো খেললেও জাতীয় দলে অনেক দিন ধরেই তিনি অনিয়মিত। গত মার্চে অবশ্য বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল দলে তার নাম ছিল। কিন্তু উরুগুয়ে ও প্যারাগুয়ের বিপক্ষে কোনও ম্যাচেই মাঠে নামার সুযোগ হয়নি।
আগামী ৩ জুন থেকে শুরু হতে যাওয়া কোপা আমেরিকা দলে প্রথমে কাকাকে বিবেচনা করেননি দুঙ্গা। তবে বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার কস্তার বাঁ উরুর চোট আবার জাতীয় দলে ফিরিয়ে এনেছে সাবেক ফিফা বর্ষসেরা ফুটবলারকে।
ডগলাস কস্তার আগে স্ট্রাইকার রিকার্ডো অলিভেইরাও চোটের কারণে ছিটকে পড়েছেন দল থেকে। তার জায়গায় বেনফিকার জোনাসকে নিয়েছেন দুঙ্গা।
কোপা আমেরিকার ‘বি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর, হাইতি ও পেরু।
/এমআর/








