হার দিয়ে শতবর্ষী কোপা আমেরিকা শুরু করলো উরুগুয়ে। কোপার ইতিহাসে সবচেয়ে সফল দলটি সোমবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় মেক্সিকোর বিপক্ষে ৩-১ গোলে হেরেছে। নাটকীয় ম্যাচটিতে খেলার শেষ পাঁচ মিনিটে রাফায়েল মারকুয়েজ ও মিগুয়েল হেরেরার গোলে জয় পায় অতিথি দল হিসেবে খেলতে নামা মেক্সিকো। এদিন চোটের কারণে মাঠে নামেননি লুইস সুয়ারেজ।
অন্যদিকে জয়ের মাধ্যমে কোপা আমেরিকা শুরু করেছে ভেনেজুয়েলা। জ্যামাইকাকে বিপক্ষে ১-০ গোলে জিতেছে দক্ষিণ আমেরিকার দলটি।
মেক্সিকো-উরুগুয়ে ম্যাচে নিয়ে ছড়িয়েছে বিতর্কও। ম্যাচের শুরুতেই উরুগুয়ের জাতীয় সংগীতের বদলে বেজে ওঠে চিলির জাতীয় সংগীত। উভয় দলের দুজন খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন।
খেলার ৪ মিনিটে মেক্সিকোর গুয়ার্দাদো উঁচু করে বল ক্রস দেন হেরেরার দিকে। সেই বল নিজের দখলে নিতে গিয়ে হেড করেন উরুগুয়ের আলভারো পেরেইরা। তাতে নিজেদের জালে বল জড়িয়ে দেন এই ডিফেন্ডার। প্রথমার্ধে গোলটি আর শোধ করতে পারেনি উরুগুয়ে। মেক্সিকোও আর কোনও গোলের সন্ধান পায়নি। বিরতির ঠিক আগ মুহূর্তে উরুগুয়ের মিডফিল্ডার ফিওরেন্তিনাকে দ্বিতীয় হলুদ কার্ডের সঙ্গে লাল কার্ড দেখান রেফারি।
তবে মেক্সিকোও ১০ জনের দল নিয়ে খেলা শেষ করে। ম্যাচের ৭৩ মিনিটে গুয়ার্দাদোকে দ্বিতীয় হলুদ কার্ডের সঙ্গে লাল কার্ড দেখান রেফারি। বক্সের কাছাকাছি ফাউল করায় ফ্রি-কিক পায় উরুগুয়ে। আন্দ্রেস সানচেজের কিক করা বল হেড করে জালে জড়িয়ে দেন দলটির অধিনায়ক দিয়গো গোডিন। এই গোলের সুবাদে ১-১ গোলের সমতায় ফেরে তারা।
খেলার মোড় ঘুরে যায় ৮৫ মিনিটে। এবার দলের পক্ষে গোল করেন মেক্সিকোর অধিনায়ক মারকুয়েজ আলভারেজ। খেলার শেষ মিনিটে উরুগুয়ের কফিনে শেষ পেরেক ঠুকিয়ে দেন মিগুয়েল হেরেরা। অলনসো জিমিনিজের ক্রস থেকে আসা বল হেড করে জালে জড়িয়ে দেন তিনি। ফলে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো।
সি গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল অতিথি দল জ্যামাইকা ও ভেনেজুয়েলা। প্রথমার্ধের ১৫ মিনিটে মার্টিনেজের গোলে পিছিয়ে পড়ে জ্যামাইকা। আর ২৩ মিনিটে মিডফিল্ডার রুডলফ অস্টিন লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় তারা। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রচেষ্টা চালালেও হার এড়াতে পারেনি অতিথি দলটি।
/এমআর/








