আদালতের নির্দেশনা মেনে শেখ জামালের দাবিকৃত আট ফুটবলারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। জানা গেছে, খেলোয়াড়রা যে দলের সঙ্গে চুক্তি সই করেছেন সেসব দলের হয়েই তাদের খেলার রায় দিয়েছে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি।
প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির রায় আজ সন্ধ্যায় শেখ জামাল ও অন্যান্য ক্লাবের কাছে পৌঁছেছে। যদিও বাফুফে এখনও আনুষ্ঠানিকভাবে রায়টি প্রকাশ করেনি। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির রায় অনুযায়ী মামুনুল ইসলাম, সোহেল রানা, নাসিরউদ্দিন চৌধুরি, রায়হান হাসান ও ইয়ামিন মুন্না খেলবেন চট্টগ্রাম আবাহনীতে। জামাল ভূইয়া ও আলমগীর কবির রানা খেলবেন শেখ রাসেলের হয়ে। অন্যদিকে শহিদুল আলম সোহেল ঢাকা আবাহনীর পক্ষে খেলবেন।
তবে আদালতের স্পষ্ট নির্দেশনা রয়েছে, যে খেলোয়াড়রা শেখ জামালের কাছ থেকে অগ্রীম টাকা নিয়েছেন তারা বা তাদের ক্লাব সে টাকা শেখ জামালকে অবশ্যই ফেরত দিতে হবে। তা না হলে তারা ক্লাবের হয়ে মাঠে নামতে পারবেন না। জানা গেছে, আটজনের মধ্যে কয়েকজন খেলোয়াড় অগ্রীম নেওয়া কথা স্বীকার করেছেন প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে।
/আরএম/এমআর/








