ইংলিশ হুলিগানদের সামলাতে হিমশিম খাচ্ছে ফরাসি পুলিশ। শনিবারও তৃতীয় দিনের মতো সহিংসতা অব্যাহত রেখেছে তারা। এদিন রাশিয়া-ইংল্যান্ড ম্যাচের আগ মুহূর্তে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। খেলার পরেও অনেক স্থানে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
রাস্তায় সংঘর্ষে লিপ্ত হয় শত শত মানুষ। একদল অন্য দলকে ধাওয়া দেয়। শেষ পর্যন্ত লাঠিচার্জ ও কাঁদুনে গ্যাস ছুড়তে বাধ্য হয় পুলিশ। টানা তৃতীয় দিনের মতো ফ্রান্সের মার্সেই ফুটবল দাঙ্গার শহর। যদিও এদিন মাঠের খেলা ১-১ গোলে ড্র করেছে উভয় দল।
দুই দলের ম্যাচের আগেই উত্তেজিত হয়ে পড়ে তাদের সমর্থকরা। বোতল, ক্যাফের চেয়ার নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে এক ইংলিশ সমর্থক মৃত্যুর সঙ্গে লড়ছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, রড দিয়ে পেটানো হয়েছে ওই সমর্থককে। মাথায়ও মারা হয়েছে। দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আরও ৩৪ জন ফুটবল সমর্থক হয়েছে আহত।
স্তাদ ভেলোদ্রোমে দুই দলের খেলার পর রাশিয়ান সমর্থকরা হামলা করেছে ইংল্যান্ডের সমর্থকদের। কিছুক্ষণের মধ্যে যা নিয়ন্ত্রণে আসে। শান্তি নেই আরেক শহর নিসে। সেখানে নর্দান আয়ারল্যান্ডের সমর্থকরা স্থানীয় যুবাদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে সাতজন আহত হয়েছে। একজনের অবস্থা গুরুতর। ছয়জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আগের রাতে আটক করা হয়েছিল সাতজনকে। ইংলিশ সমর্থকরা এই নিয়ে টানা তিন দিন মারামারি করলো।
/এমআর/








