ইংল্যান্ডের সঙ্গে শনিবারের ম্যাচে গ্যালারিতে সহিংসতার জন্য চলতি ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ইউরো-২০১৬ থেকে রাশিয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। তবে আপাতত উয়েফার এই সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে। রাশিয়ার আগামী ম্যাচগুলোতে এ ধরণের ঘটনা ঘটলেই কেবল এই শাস্তি কার্যকর করা হবে।
উল্লেখ্য ওই ম্যাচের আগে ও পরে এমনকি ম্যাচ চলাকালীন সময়ে স্টেডিয়ামের ভেতরে ইংলিশ সমর্থকদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন রাশিয়ান সমর্থকরা। রুশ সমর্থক ও ইংলিশ হুলিগানদের মধ্যকার ওই সহিংসতা থামাতে হিমশিম খায় ফরাসি পুলিশ।
উয়েফার গভর্নিং বডি ইংল্যান্ডের বিপক্ষে ড্র হওয়া ম্যাচে সহিংসতার জন্য রাশিয়াকে দেড়লাখ ইউরো জরিমানা করেছে। একইসঙ্গে বলা হয়েছে ইউরো থেকে রাশিয়াকে বহিষ্কার করা হয়েছে। আবারও কোনও সহিংসতার ঘটনা ঘটলেই কেবল এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।
/এমআর/








