ইউরোর অন্যতম ফেভারিট দল জার্মানিকে রুখে দিয়েছে পোল্যান্ড। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় শুরু হওয়া খেলায় জার্মানদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে পোল্যান্ড। এদিনও জার্মান রক্ষণে আতঙ্ক ছড়িয়েছেন লেভানডফস্কি-আর্কদিউস মিলিক জুটি। ম্যাচ জুড়ে বেশ কিছু আক্রমণ চালিয়েছে জার্মানিও। তবে শেষ পর্যন্ত কোনও দল গোলের দেখা না পাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে।
খেলার ৩ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন মারিও গোতজে। ড্র্যাক্সলারের ক্রসে ঠিকমতো হেড করতে পারেননি তিনি। ফলে বল চলে যায় পোস্টের বাইরে। পরের মিনিটে ফের গোলের সুযোগ এসেছিল জার্মানদের সামনে। ক্রুসের পাসটি ঠিকমতো প্লেস করতে পারেননি হেক্টর। বল চলে যায় পোস্টের বেশ বাইরে দিয়ে।
ম্যাচের ২১ মিনিটে প্রথম গোলের কাছাকাছি এসেছিল পোল্যান্ড। লেভানডফস্কি ও মিলিকের যৌথ আক্রমণটি রুখে দেন হামেলস। ম্যাচের ৪৪ মিনিটে ২৫ গজ দূর থেকে শট নিয়েছিলেন খেদিরা। তবে তার শটটি পোস্টের বাইরে দিয়ে চলে যায়। গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণে যায় পোলিশরা। গ্রোসিচকি এক বিপদজনক ক্রস দিয়েছিলন জার্মান রক্ষণে। তবে ওই ক্রসে ঠিকমতো হেড করতে পারেননি মিলিক। পরের মিনিটে পোল্যান্ডের গোলপোস্টে শট নিয়েছিলেন গোতজে। তবে সেটি কর্নারের বিনিময়ে বাঁচিয়ে দেন পোলিশ গোলরক্ষক ফ্যাবিয়ানস্কি।
৫৮ মিনিটে লেভানডফস্কির দারুণ পাস থেকে শট নিয়েছিলেন মিলিক। তার শটটি গোলবারের কয়েক ইঞ্চি ওপর দিয়ে যায়, নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় পোলিশরা। ৬৮ মিনিটে ফের গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন মিলিক। ৬৯ মিনিটে পোল্যান্ডের রক্ষণে হানা দেন মেসুত ওজিল। তবে সে যাত্রা দলকে বাঁচিয়ে দেন ফ্যাবিয়ানস্কি। বাকি সময় আক্রমণ-পাল্টা আক্রমণ করলেও শেষ পর্যন্ত গোল পায়নি কোনও দলই।
/এমআর/








