ইউরো চ্যাম্পিয়ন্সশিপে জয়ের ধারা ধরে রাখার লক্ষ্য নিয়ে ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় খেলায় তুরস্কের বিপক্ষে মুখোমুখি হচ্ছে স্পেন। বাংলাদেশ সময় আজ শুক্রবার রাত একটায় স্বাগতিক ফ্রান্সের নিসের অ্যালিয়েনজ রিভিয়েরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলাটি।
ইউরোতে গত ১৩ খেলার একটিতেও হারেনি স্পেন। এর মধ্যে ১০টি খেলায় জয় পেয়েছে তারা, ড্র হয়েছে তিনটি খেলা। প্রতিযোগিতাটিতে এটাই কোনও দলের সর্বোচ্চ পরিমাণ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড। ইউরোতে তাদের সর্বশেষ পরাজয়টি ছিলো ২০০৪ সালের জুনে, পর্তুগালের বিপক্ষে ১-০ গোলে।
এই অপরাজেয় স্পেনের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে আজ মাঠে নামে তুরস্ক। প্রথম ম্যাচে হেরে যাওয়া তুর্কিদের টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই। পরস্পর ১১ সাক্ষাতে স্পেনের বিপক্ষে পাঁচ হারের স্মৃতি তুর্কিদের। স্পেনের বিপক্ষে তুরস্ক জয় দেখেছে দুইবার। তবে তাদের এমন শেষ সুখস্মৃতিটা চার দশকের পুরনো। স্পেনের বিপক্ষে তুরস্ক সর্বশেষ জয় দেখেছে ১৯৬৭ সালে।
আসরে নিজেদের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে একমাত্র গোলে জয় কুড়ায় স্পেন। তবে একতরফা ম্যাচে আদুরিজ-মোরাতারা একের পর এক গোলের সুযোগ নষ্ট না করলেও ব্যবধানটা আরও বড় হতে পারতো। অন্যদিকে গ্রুপে হার নিয়ে এবারের মিশন শুরু করে তুর্কিরা। এতে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার লুকা মদ্রিচের একমাত্র গোলে তুরস্কের বিপক্ষে জয় কুড়ায় ক্রোয়েশিয়া। তুর্কি ফুটবল সমর্থকদের নজরটা ওজিইয়াকুপ ও হাকান চালহানোগ্লু ও এফসি বার্সেলোনা তারকা আরদা তুরানের দিকে।
চেক-ক্রোয়াট প্রথম সাক্ষাৎ
বড় মঞ্চে পূর্ব-ইউরোপের দুই প্রতিবেশী দেশ চেক প্রজাতন্ত্র ও ক্রোয়েশিয়ার প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ফুটবলে মুখোমুখি হচ্ছে। ইউরো কাপে আজ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত ১০টায় মাঠে নামছে ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্র।
কঠিন গ্রুপে তুলনামূলক সুবিধাজনক অবস্থায় ক্রোয়াটরা। তুরস্কের বিপক্ষে জয় দিয়ে এবারের মিশন শুরু করেছে মদ্রিচ, ইভান রাকিতিচের ক্রোয়েশিয়া। অন্য দিকে স্পেনের কাছে প্রথম ম্যাচে ১-০ গোলে হার দেখেছে তারকা গোলরক্ষক পিওতর চেকের চেক প্রজাতন্ত্র।
/এমআর/








