শনিবার দিবাগত রাত ১টায় অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। এদিন পেনাল্টির সুবর্ণ সুযোগ সদ্ব্যবহারে ব্যর্থ হন রিয়াল তারকা। ফলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রোনালদোর পেনাল্টি মিসের মাশুল দিয়ে অস্ট্রিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে পর্তুগাল। শনিবার রাতের গোলশূন্য ড্রয়ে ‘এফ’ গ্রুপের সেরা দুই দলের একটি হয়ে শেষ ষোলোয় ওঠার পথ কঠিন হয়ে গেল পর্তুগালের।
এদিন লুইস ফিগোকে (১২৭) ছাড়িয়ে পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নেন রোনালদো (১২৮)।
বল দখলের লড়াই আর গোলের সুযোগ সৃষ্টিতে পুরো ম্যাচে অনেক এগিয়ে ছিল পর্তুগাল। প্রথম ৪৫ মিনিটে অন্তত চারবার গোলের সম্ভাবনা জাগালেও প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি তারা। এর মধ্যে একবার ন্যানির হেড ফিরে এসেছে সাইডবারে লেগে। বিরতির আগে অস্ট্রিয়ানরা বার দুয়েক পর্তুগিজদের পোস্টে হানা দিলেও সফল হয়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতে এক মিনিটের ব্যবধানে রোনালদোকে দুবার হতাশ করেন অস্ট্রিয়ার গোলরক্ষক। ৫৪তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে রোনালদোর দুর্দান্ত শট কর্নারের বিনিময়ে প্রতিহত করেন। পরে কর্নারে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকার হেড ঠেকান আলমের।
৭৫তম মিনিটে ডিফেন্ডার মার্টিন হিন্টারেগার ডি বক্সের মধ্যে রোনালদোকে ফেলে দিলে পেনাল্টি পায় পর্তুগাল। স্পটকিকে গোলরক্ষককে সহজেই ফাঁকি দেন রোনালদো, কিন্তু বল মাঠে ফেরে পোস্টে লেগে। ৮৫তম হেডে বল জালে পাঠিয়ে উচ্ছ্বাসে মাতেন রোনালদো; কিন্তু রেফারির অফসাইডের পতাকায় মুহূর্তেই উল্লাস থেমে যায়। আবারও সঙ্গী হয় পয়েন্ট হারানোর হতাশা।
প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল পর্তুগাল। টানা দ্বিতীয় ড্রয়ের পর ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। আইসল্যান্ড ও হাঙ্গেরির মধ্যে শনিবার সন্ধ্যায় হওয়া গ্রুপের অন্য ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে হাঙ্গেরি। আইসেল্যান্ডের পয়েন্টও পর্তুগালের সমান ২। অস্ট্রিয়ার পয়েন্ট ১।
/এমআর/







