গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে এক ড্র ও এক হারে নকআউট পর্বের লক্ষ্যটা আগেই কঠিন করে ফেলেছে সুইডিশরা। শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে বেলজিয়ামের বিপক্ষে আজ রাত ১টায় অনুষ্ঠিতব্য ম্যাচে জয়ের বিকল্প নেই সুইডেনের। ড্র কিংবা হারে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে জ্লাতান ইব্রাহিমোভিচের দল।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) শেষেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। আজ হারলে এটিই হতে পারে সুইডেনের হয়ে ইব্রাহিমোভিচের শেষ আন্তর্জাতিক ম্যাচ! তবে নিশ্চিতভাবেই আজই শেষ ম্যাচ খেলে ফেলতে চাইবেন না ইব্রা।
জাতীয় দলের জার্সি গায়ে বেলজিয়ামের বিপক্ষে ১১৬তম ম্যাচে মাঠে নামবেন ইব্রাহিমোভিচ। ১১৫ ম্যাচে প্রতিপক্ষের জালে ৬২ বার বল জড়িয়েছেন সাবেক বার্সেলোনা তারকা।
ইউরোতে প্রথম দুই ম্যাচে গোলের দেখা পাননি। বেলজিয়ামের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে নিশ্চয়ই জ্বলে উঠতে চাইবেন ইব্রাহিমোভিচ। সেটা করতে পারলেই শেষ ষোলোতে উঠবে সুইডেন। বিদায়টা আরেকটু রঙিন করার উপলক্ষ পাবেন ইব্রাহিমোভিচ।
/এমআর/








