ভুটানের বিপক্ষে এশিয়ান কাপের প্রাক বাছাই পর্বে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশকে জয় এনে দেয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী মামুনুলদের কোচের দায়িত্ব নিতে যাওয়া বেলজিয়ান পল সেইন্টফিট। আজ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে তার। কাল আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
সালাউদ্দিনের সঙ্গে আলোচনা শেষে সেইন্টফিট বলেন, 'সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সঙ্গে কথা বলতে হবে। আমরা সবে মাত্র আলোচনা শুরু করেছি। আমি দুটো ম্যাচ দেখেছি এবং যেটা দেখেছি, ভালো লেগেছে। আমি বিশ্বাস করি, ভুটানের বিপক্ষে সবসময় বাংলাদেশের জেতা উচিত এবং এশিয়ান কাপের বাছাইয়ে অবশ্যই ওঠা উচিত।'
কেমন লাগলো বাংলাদেশের ফুটবল, এমন প্রশ্নের উত্তরে সেইন্টফিট বলেন, 'আমি দেখেছি কিছু দল ভালো খেলার জন্য খুবই সংগঠিত। কিছু মেধাবী খেলোয়াড়ও দেখেছি। আমি জানি চট্টগ্রাম আবাহনী ও শেখ জামাল দুটি বড় ক্লাব কিন্তু তাদের খেলা এখনও দেখিনি। আমি মনে করি প্রথমত ভুটানকে হারানোর মতো সম্ভাবনাময় ফুটবল বাংলাদেশে আছে।'
তিনি আরে বলেন, 'ইউরোতে আইসল্যান্ড, আলবেনিয়া, স্লোভাকিয়া প্রথমবারের মতো চুড়ান্ত পর্বে খেলছে, আমি মনে করি এটাও বাংলাদেশের জন্য সুযোগ প্রথমবারের মতো এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলা।'
/আরএম/এমআর/








