ইউরোর শেষ ষোলোর লড়াইয়ে ৭৫ মিনিট পর্যন্ত গ্যারেথ বেলের ওয়েলসকে রুখে দিয়েছিল উত্তর আয়ারল্যান্ড। তবে ৭৫ মিনিটে আত্মঘাতী গোলেই পিছিয়ে পড়ে তারা। শেষ পর্যন্ত ওই আত্মঘাতী গোলের সুবাদে উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে শেষ আটে পৌঁছে যায় ওয়েলস। প্রথমবারের মতো ইউরো খেলতে এসে শেষ আটে পৌঁছে ইতিহাস গড়লেন গ্যারেথ বেল-অ্যারন রামসেরা। অন্যদিকে প্রথমবার ইউরোতে অংশ নিয়ে শেষ ষোলো থেকে বিদায় নিতে হলো উত্তর আয়ারল্যান্ডকে।
এদিন খেলা শুরু ১৯ মিনিটে নর্দান আয়ারল্যান্ডের জালে বল জড়িয়েছিলেন অ্যারন রামসে। তবে অফসাইডের খাড়ায় তার গোলটি বাতিল হয়ে যায়। প্রথমার্ধের বাকি সময় তেমন কোনও সুযোগ তৈরি করতে পারেনি কোনও দল।
বিরতির পর ৫৪ মিনিটে দলকে এগিয়ে দেওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন ভোকেস। দুর্দান্ত এক ক্রসে তার দিকে বল বাড়িয়েছিলেন অ্যারন রামসে। কিন্তু সেটি জালে পাঠাতে ব্যর্থ হন ভোকেস। ৫৮ মিনিট দুর্দান্ত এক ফ্রি--কিক নিয়েছিলেন গ্যারেথ বেল। পাঠিয়েছিলেন পোস্টের ডানসাইডে। কিন্ত তার শটটি ফিরিয়ে দেন আইরিশ গোলরক্ষক ম্যাকগভর্ন।
৭৫ মিনিটে পেনাল্টি বক্সের ভেতর দুর্দান্ত এক পাস দিয়েছিলেন বেল। কিন্তু বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন ডিফেন্ডার ম্যাকাউলি। তবে এছাড়া হয়তো কোনও উপায়ও ছিল না তার। কারণ তিনি বলে পা না ছোঁয়ালে নিশ্চিত গোলের সুযোগ মিস করতেন না রবসন কানু। শেষ পর্যন্ত ওই আত্মঘাতী গোলের সুবাদে ইউরোর শেষ আটে পৌঁছে ওয়েলস।
/এমআর/








