সেই একই ছবি। আকাশি-সাদা জার্সিতে আবারও হতাশার পোস্টারে আর্জেন্টিনার দুঃখী রাজপুত্র। দেশের জার্সি গায়ে একটি ট্রফি উঁচিয়ে ধরার আজন্ম সাধ অপূর্ণই রয়ে গেল। শাপমোচনের বদলে আর্জেন্টিনার আরেকটি দুঃখগাঁথার অংশ হলেন মেসি। অপেক্ষার প্রহর বড্ড দীর্ঘ। একটি শিরোপার জন্য ২৩ বছরের সেই দীর্ঘ দগ্ধ প্রহরের ইতি টানতে ব্যর্থ আর্জেন্টিনা।
৩ জুলাই ২০১৫। কোপার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা চিলি। গঞ্জালো হিগুয়াইন পেনাল্টি উড়িয়ে দিলেন আকাশে। মেসির চোখের সামনে কিপোর শিরোপা ছিনিয়ে নিয়ে গেল চিলি। বছর ঘুরে ২৭ জুন ২০১৬ । আবারও মুখোমুখি আর্জেন্টিনা-চিলি। ম্যাচ গড়ালো ট্রাইবেকারে। এবার পেনাল্টি আকাশে উড়িয়ে দিলেন মেসি।
এক বছরের মাথায় আরও একবার কাঁদল আর্জেন্টিনার সমর্থকরা। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে জার্মানীর কাছে পরাজয়ের পর গতবার কোপা আমেরিকা কাপে চিলির কাছে হারে লিওনেল মেসির দল। আজ শতবর্ষী কোপার ফাইনালে সেই চিলির কাছেই হারলো আর্জেন্টিনা।
ইতিহাসের পাতায় এমন অনেক দলই পাওয়া যাবে, যারা ফাইনালে হারার অভিশাপে দগ্ধ হয়ে বারবার ট্রফির যুদ্ধে হেরেছে। হাতের কাছে সেরা উদাহরণ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা। তাদের নামই হয়ে গিয়েছে চোকার্স। মেসির আর্জেন্টিনাও কি সেদিকে নয়?
প্রশ্নটা আরও বড় হয়ে দেখা দেবে বার্সেলোনার হয়ে মেসির ফুটবল আর দেশের জার্সিতে ফুটবলে এত তফাত হয়ে যায় কেন? ক্লাবের হয়ে যে মেসি গত সাত বছরের মধ্যে পাঁচবার বর্ষসেরা ফুটবলার হয়েছেন, সেই তিনি কেন দেশের হয়ে খুব কমই তার প্রতিভার ঝলক দেখাতে সক্ষম হয়েছেন। দু’টোই স্ট্রাইপড জার্সি। একটি লাল-নীল-হলুদ মেশানো। অন্যটি নীল-সাদা। দু’টো একই লোক। কিন্তু মাঠের পারফরম্যান্সে কত ফারাক।
আর্জেন্টিনায় তার সতীর্থরাও অনেক ভাল ফুটবলার। আর্জেন্টিনার তারকাভরা এই দলকে বহুবছরের মধ্যে সেরা আখ্যা দেওয়া যায়। হ্যাভিয়ার মাসচেরানো, ডি মারিয়া, সার্জিও আগুয়েরো, হাভিয়ার পাস্তোরে, গঞ্জালো হিগুয়াইন। একেক জন বর্তমান ফুটবল বিশ্বের ভীতি জাগানিয়া নাম। তবুও যে বারবার ফাইনালে এসে কাঁদতে হয়েছে আর্জেন্টিনাকে।
বারবার প্রতিধ্বনিত হয়েছে পারবেন কী মেসি এবং তার সতীর্থরা? না পারেননি মেসি। সোমবার ভোরে মার্কিন মুল্লুকে আরেকটি ফাইনালে হারের 'ভিলেন' তিনি। দুই বছর আগে মারাকানায় স্তব্ধতার মধ্যে আর্জেন্টাইনদের বুকের মধ্যে বেজেছিল যে হাহাকার। গতবছর সেটার প্রতিধ্বনি হয়েছিল আবার। গত ১২ মাস যে যন্ত্রণার কঠিন সুর ১২ মাস বয়ে বেড়িয়েছেন মেসি। আজ যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে নতুন করে সেই যন্ত্রণা শেল হয়ে বিঁধল বুকে। কে জানে হাহাকারের এই গল্প শেষ হবে কবে! কিংবা আদৌ হবে কিনা?
/এমআর/








