চলমান ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ইতালিকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে জার্মানি। শেষ চারের মঞ্চে এবার স্বাগতিক ফ্রান্সের মুখোমুখি হবে জোয়াকিম লোর দল। কিন্তু তার আগেই আশঙ্কার কালো মেঘ জার্মান শিবিরে।
কোয়ার্টার ফাইনালে ইতালির বিপক্ষে জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান মারিও গোমেজ। ফলে ইউরোর বাকি ম্যাচগুলোতে দর্শক হিসেবেই খেলা দেখতে হবে জার্মান এই স্ট্রাইকারকে।
গোমেজ ছাড়াও মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টেইগার এবং সেমি খেদিরাও ইনজুরিতে ভুগছেন। বৃহস্পতিবার ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে তাদের নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইনজুরি ছাড়া জার্মান শিবিরে রয়েছে নিষেধাজ্ঞার বাধা। ইতালির বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ডের শিকার হওয়ায় সেমিফাইনালের ম্যাচে খেলতে পারবেন না ডিফেন্ডার ম্যাটস হামেলস।
৭ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় (০৮ জুলাই) দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে লড়বে জার্মানি।
/এমআর/








