পদতাগ করলেন আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো। সূত্রের খবর, পারফরম্যান্স নয়, আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের সঙ্গে বনিবনা না হওয়াতেই বিদায় নিয়েছেন মার্টিনো। বোর্ডের অনিয়ম, অস্থিরতা ও বিশৃঙ্খলা নিয়ে কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। কিন্তু আলোচনা ফলপ্রসূ না হওয়ায় দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন মার্টিনো।
মঙ্গলবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সহ-সভাপতির সঙ্গে আসন্ন অলিম্পিকে আর্জেন্টিনার দল নিয়ে এক সভা করেন টাটা মার্টিনো। সেই সভা শেষেই নিজের পদত্যাগের কথা জানান তিনি। এএফএ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আর্জেন্টিনার পুরো কোচিং স্টাফ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে।
কোপার ফাইনালে হেরে মেসির অবসরের পরেই আর্জেন্টিনা দলের মাসচেরানো, আগুয়েরোসহ আরও অনেকেই সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কিছু নিশ্চিত নয়। তবে এসব ঘটনাও মার্টিনোর পদত্যাগের পেছনে ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।
শুধু কোপার ফাইনাল নিয়ে নয়, অলিম্পিকও মার্টিনোর পদত্যাগের পেছনে ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। আর কয়েক দিনের মধ্যেই রিও অলিম্পিকের জন্য আর্জেন্টিনা দলের অনুশীলন শুরু হওয়ার কথা। কিন্তু আর্জেন্টিনা দল পাঠাতে পারবে কি না, সেটাই অনিশ্চিত। আর্জেন্টিনা অলিম্পিক কমিটির সভাপতি জানিয়েছেন, অনেক ক্লাবই খেলোয়াড়দের ছাড়তে গড়িমসি করছে।
২০১৪ সালের ফুটবল বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পর আলেহান্দ্রো সাবেলার স্থলাভিষিক্ত হন টাটা। আর্জেন্টিনার হয়ে ২৯ ম্যাচের মধ্যে তিনি হেরেছেন তিনটিতে, সাতটিতে ড্র, জয় ১৯টিতে।
/এমআর/








