দুই বছর ধরে এসি মিলান ক্লাব বিক্রির চেষ্টা করে আসছিলেন ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী ও ক্লাবটির মালিক সিলভিও বেরলুসকোনি। অবশেষে ঐতিহ্যবাহী ক্লাবটি কিনে নিয়েছে চীনা কনসোর্টিয়াম। মঙ্গলবার সিলভিও বেরলুসকোনি ক্লাব বিক্রির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী দুই বছর চীনা কনসোর্টিয়াম ৪০০ মিলিয়ন ইউরো ক্লাবটিকে প্রদান করবে।
বেরলুসকোনি গণমাধ্যমকে বলেন, ‘ক্রেতার নামটি সুস্পষ্ট কারণেই বলছি না। শুধু এটুকু নিশ্চিত করছি, মিলানের ক্লাবটিকে কিনে নিয়েছে চীনা গ্রুপ। ক্লাবটিকে ঘিরে তাদের অনেক স্বপ্ন। নতুন মালিক ক্লাবটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।’
বিশ্বসেরা অনেক খেলোয়াড় মিলানের জার্সিতে খেলেছেন। গত বছর ক্লাবটির ৯৩.৫ মিলিয়ন ইউরো লোকসান হয়। গত বছরই ক্লাবটি বিক্রির সিদ্ধান্ত নেন বেরলুসকোনি। থাই ধনকুবের বি তায়েচাউবলের সঙ্গে বেশ কিছুদিন ধরেই দেনদরবার চলছিল মিলান কর্তৃপক্ষের। তবে সম্প্রতি দুই পক্ষের মধ্যকার আলোচনা ভেস্তে যায়।
এরপর চীনা কনসোর্টিয়াম আগ্রহ প্রকাশ করায় মিলানের ক্লাবটিকে বিক্রি করে দেন সিলভিও বেরলুসকোনি। এর আগে এসি মিলানের চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান ক্লাবটিকে গত মাসে কিনে নেয় চায়নিজ ইলেকট্রনিকস কোম্পানি সুনিং কমার্স গ্রুপ।
/এমআর/








