বাংলাদেশ প্রিমিয়ার লিগে গতবারের আসরে টিম বিজেএমসি ও সকার ক্লাব ফেনীর অবস্থান ছিল যথাক্রমে সপ্তম ও অষ্টম। এবার ১২ দলের এ আসরে তাদের লক্ষ্য এ অবস্থানকে অতিক্রম করা।
আজ শনিবার বাফুফে ভবনে বিপিএল-এর ক্লাব পরিচিতি অনুষ্ঠানে এমন প্রত্যাশাই ব্যক্ত করেছে ক্লাব দুটোর টিম ম্যানেজমেন্ট।
বিজেএমসি অধিনায়ক গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল বলেন, ‘আমরা মাঝারি শক্তির দল, তবে নিজেদের দিনে আমরা যে কোনও দলকে হারানোর শক্তি রাখি। লিগ একটি দীর্ঘ প্রক্রিয়া আর এ জন্য বিজেএমসি প্রস্তুত। বিপিএল-এ চমক দেখাবে বিজেএমসি।’
দলের কোচ সাইদুর রহমান বলেন, ‘বিগত দুটি টুর্নামেন্টে দল যে সব ভুল করেছে এবং যে দুর্বলতাগুলো ছিল সেগুলো নিয়ে কাজ করেছি। আশা করি বিজেএমসি অন্যান্য দলগুলোকে কঠিন বার্তা দেবে।’
ফেনী সকার ক্লাবের অধিনায়ক আকবর হোসেন রিদন বিপিএলকে দেখছেন ভিন্ন চোখে- ‘এবার সাতটি ভেন্যুতে খেলা হবে। ফুটবলের জন্য ভালো তবে দলগুলোর জন্য ভ্রমন ও খেলা খুব সহজ হবে না। ধারাবাহিকতা খুব জরুরি; ফেনী সকার চার কিংবা পাঁচ নম্বরে লিগ শেষ করতে চায়।’
সকারের নাইজেরিযান কোচ লাডি বাবা লোলা বলেন, ‘অধিনায়ক বলেছে চার কিংবা পাঁচ নম্বরের কথা। তাহলে আমি এটি অস্বীকার করি কিভাবে? দেশি-বিদেশি মিলিয়ে আমার যে শক্তি তাতে এ লক্ষ্য অর্জন সম্ভব আর এটি করতে পারলে মৌসুমও সফল হবে আমাদের জন্য। বিপিএল-এ এবার যে দল ধারাবাহিকতা রাখবে সে দলই নিজ লক্ষ্য অর্জনে সফল হবে।’
/আরএম/এফআইআর/








