বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব নিলেও এখনও বাফুফের সঙ্গে চুক্তি হয়নি বেলজিয়ান কোচ টম সেইন্টফিটের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সেইন্টফিট নীতিগতভাবে চুক্তি স্বাক্ষর করতে সম্মত হলেও বিশেষ কয়টি ধারা নিয়ে কিছুটা অস্পষ্টতা থাকায় চুক্তি স্বাক্ষর হবে আগামী ২৭ শে জুলাই বুধবার।
আজ বাফুফে ভবনে সেইন্টফিটের সঙ্গে আলেচনায় বসেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। আলোচনা শেষে কাজী নাবিল বলেন, 'আসলে সেইন্টফিট তার আইনজীবীর কাছ থেকে পাঠানো বার্তাগুলো আমাদের আজ জানিয়েছে। তারও যেমন আরও কিছু জানার আছে সেভাবে আমাদেরও রয়েছে তাকে দীর্ঘ মেয়াদে রেখে দেওয়ার চিন্তা-ভাবনা। আপাতত তিন মাসের চুক্তি চচ্ছে যেটি স্বাক্ষরিত হবে ২৭ জুলাই। ভুটানের সঙ্গে ম্যচের পর আমরা তাকে নিয়ে পরবর্তী চিন্তা করবো। তাছাড়া তার নিরাপত্তার ব্যাপারেও কথা হয়েছে। আমরা তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছি তবে ব্যক্তিগত গানম্যান নয়।'
নাবিল আরও বলেন, 'আগামী ১ সেপ্টেম্বর মালদ্বীপে গিয়ে বাংলাদেশ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ফিরে এসে ঢাকায় খেলবে ভুটানের বিপক্ষে এশিয়ান কাপ প্লে-অফ-২ এর হোম ম্যাচটি। ক্যাম্প শুরু হবে আগামী ২১ আগস্ট। এ সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বন্ধ থাকবে।'
/আরএম/এমআর/








