প্রথমবারের মতো ইউরোর শিরোপা জিতে ইতিহাস গড়েছে পর্তুগাল। তাই এমন অর্জনের পরই কোচ ফার্নান্দো সান্তোসের সঙ্গে চুক্তি বাড়িয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। তার সঙ্গে ২০২০ সাল পর্যন্ত চুক্তি বৃদ্ধি করেছে দেশটির ফুটবল ফেডারেশন।
এক বিবৃতিতে পর্তুগিজ ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে। নতুন চুক্তির ফলে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ ছাড়াও পরবর্তী ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত তিনি দলের সঙ্গেই থাকছেন।
২০১৪ সালে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পরই জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন ৬১ বছর বয়সী সান্তোস। এরপর থেকেই পর্তুগাল দলের চেহারা পাল্টে যেতে শুরু করে। বিশেষ করে বড় কোনও টুর্নামেন্টে শিরোপা জয় সান্তোসের সামনে বড় একটি চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জকে দারুণভাবে মোকাবেলা করে দলের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে ইউরো শিরোপা ঘরে তোলে পর্তুগাল।
/এফআইআর/








