ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হলেও কোচ হিসেবে ডিয়োগো ম্যারাডোনাকে ফ্লপই বলা যায়। কোচ হওয়ার পর প্রশংসার চেয়ে সমালোচিত হয়েছেন বেশি। আর্জেন্টিনার হয়ে দুই বছর ছিলেন মূল কোচের দায়িত্বে। ২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে বিদায় নিয়েছিল মেসিরা। পরে দেশে ফিরে নিজ পদ থেকে সরে দাঁড়ান ম্যারাডোনা। এরপর দুবাইয়ের আল ওয়াসলের কোচ হলেও সেখান থেকে বরখাস্ত হন তিনি।
তবে আবারও আর্জেন্টিনার কোচ হওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন ম্যারাডোনা। এমনকি এ জন্য কোনও বেতনও নিতে চান না তিনি। ১৯৮৬ বিশ্বকাপ জয়ী ম্যারাডোনা বলেন, 'ডিয়েগো সিমিওনে অর্থনৈতিক কারণে এ দায়িত্ব নিতে চান না। কিন্তু টাকাটা আমার জন্য কোনও বড় ব্যাপার নয়। প্রয়োজন আমি বিনা বেতনে সেটা করতে রাজি।'
শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেন লিওনেল মেসি। পরে মূল কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান জেরার্ডো মার্টিনো। আর্জেন্টিনার মূল কোচের পদ তাই এখন শূন্য।
/এমআর/








