বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে লিখিত চুক্তি সই না করাতেই বেলজিয়ান কোচ টম সেইন্টফিটকে নিয়ে যত বিপত্তি। বাফুফে চায় সেইন্টফিট চুক্তি সই করুক, কিন্তু কৌশলী সেইন্টফিট তা এড়িয়ে যাচ্ছেন বারবার। কারণ সুপার ঈগলস খ্যাত নাইজেরিয়া তাকে এখনও আনুষ্ঠানিকভাবে না করেনি। তবে সেইন্টফিটের দাবি নাইজেরিয়া তাকে আনুষ্ঠানিক কোনও প্রস্তাব দেয়নি।
বাফুফের সাথে সেইন্টফিট আজ বুধবার আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করবেন এমনটিই নির্ধারিত ছিল। কিন্ত গতকাল মঙ্গলবার রাতে থেকে তিনি পেটের পীড়ায় আক্রান্ত হন। আজ বুধবার দুপুর পর্যন্ত তিনি সুস্থ ছিলেন না। পরে একটু ভাল বোধ করায় তিনি হোটেলে ডেকে নেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে। বাফুফে সাধারণ সম্পাদক হোটেল থেকে তাকে নিয়ে চলে আসেন বাফুফে সভাপতি কাজী সালউদ্দিনের ব্যক্তিগত কার্যালয়ে। সেখানে দীর্ঘ আলোচনা হয় দুই পক্ষের তবে চুক্তি সই করেননি সেইন্টফিট। পরে প্রচার মাধ্যমের মুখোমখি হন তিনি।
নাইজেরিয়ার বিভিন্ন পত্রপত্রিকায় গত রবিবার সেইন্টফিটের একটি বক্তব্য প্রকাশিত হয়েছে। সেখানে তিনি বলেছেন, আমি এ মুহুর্তে নাইজেরিয়াকে আমার পছন্দের তালিকার শীর্ষে রেখেছি এবং এজন্য চুক্তি স্বাক্ষর স্থগিত রেখেছি। এর ব্যাখায় সেইন্টফিট বলেন, 'এটি বেরিয়েছে রবিবার কিন্তু সাক্ষাৎকারটি আমি দিয়েছি দুই সপ্তাহ আগে। তাই হয়তো কিছুটা জটিলতার সৃষ্টি হয়েছে, আমি বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আবারও আমি পরিস্কারভাবে বলে দিতে চাই এ মুহূর্তে আমার কাছে কোনও দলের কোচ হওয়ার আনুষ্ঠানিক কোনও প্রস্তাব নেই।'
সেইন্টফিট বলেন, 'আমি বাংলাদেশেই আছি। ভুটান ম্যাচ পর্যন্ত বাংলাদেশের সঙ্গেই থাকবো। কাল যাব চট্টগ্রামে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ড দেখবো। প্রথম রাউন্ডের সবকটি ম্যাচ আমি দেখেছি। আমার যথেষ্ঠ অভিজ্ঞতা হয়েছে, দ্বিতীয় রাউন্ড শেষ করে রবিবার ঢাকায় ফিরবো। এরপর দুই সপ্তাহের জন্য দেশে ফিরে যাবো। আমার স্ত্রী সন্তানসম্ভবা, তাই আমাকে বেলজিয়াম ফিরতেই হচ্ছে। সেখান থেকে আমি আবার ঢাকায় ফিরবো ১৭ আগস্ট। ২১ আগস্ট থেকে শুরু হবে ভুটান ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্প।'
চুক্তিতে সই করছেন না কেন এমন প্রশ্নের উত্তরে সেইন্টফিট বলেন, 'এখনও কিছু অস্পষ্টতা আছে বলে সই করছি না। তবে এ ব্যাপারে সন্দেহ করার কিছু নেই। আমি ভুটান ম্যাচ পর্যন্ত আছি, এবং বাংলাদেশে আমার দায়িত্বের প্রতি শতভাগ মনোযোগী। বাছাই পর্ব পার হতে পারলে তবে ভবিষ্যতের কথা। আমি মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ নিয়েও পরিকল্পনা করছি।'
এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, 'নাইজেরিয়া থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে হয়তো সেইন্টফিট বাংলাদেশে থাকবেন না। এটি মেনে নেওয়া ছাড়া এখন আমাদের আর কোনও উপায় নেই।'
/আরএম/এমআর/








