স্বাগতিক হিসেবে ঘরের মাঠে অলিম্পিকে স্বর্ণ জিততে মরিয়া ব্রাজিল। শেষ প্রস্তুতি ম্যাচে সেটারই প্রমাণ দিল তারা। শনিবার জাপানকে ২-০ গোলে হারিয়েছে নেইমারের অলিম্পিক দল। দলের হয়ে একটি করে গোল করেন গ্যাব্রিয়েল ও মার্কুইনহো।
৩৩ মিনিটে গ্যাব্রিয়েল বারবোসার দুর্দান্ত এক গোলে ম্যাচে এগিয়ে যায় ব্রাজিল। এটা মূলত ব্রাজিলের অনূর্ধ্ব-২৩ দল। কিন্তু নিয়ম অনুযায়ী ২৩-এর বাইরে তিনজন থাকতে পারেন।
দ্বিতীয় গোলে ভূমিকা ছিল এই দলের অভিজ্ঞ তারকা নেইমারের। তার কর্নার থেকে ম্যাচের ৪১ মিনিটে দ্বিতীয় গোলটি করেন মারকুইনহো।
উল্লেখ্য, এবারের রিও অলিম্পিকে গ্রুপ ‘এ’- তে ব্রাজিলের প্রতিপক্ষ ইরাক, দক্ষিণ আফ্রিকা ও ডেনমার্ক। বাংলাদেশ সময় ৫ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ব্রাজিল।
/এফআইআর/







