আন্তর্জাতিক ফুটবলের এমন কোনও ট্রফি নেই যা ব্রাজিল জেতেনি। 'অবিশ্বাস্য হলেও সত্য’ ফুটবলের তীর্থস্থান হিসেবে বিখ্যাত দেশটি এখন পর্যন্ত অলিম্পিক ফুটবলের শিরোপা জিততে পারেনি। এক বিশ্বকাপই তারা জিতেছে পাঁচবার। অথচ এই অলিম্পিকের শিরোপায় চুমু খাওয়া হয়নি পেলে, জিকো, কার্লোস দুঙ্গা, রোমারিও, রোনালদো, রোনালদিনহো, রবার্তো কার্লোসদের দেশটির।
ঘরের মাঠে অুনষ্ঠ্যেয় এবারের আসরে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ পাচ্ছে তারা। সেলেকাওদের প্রত্যাশা, নেইমারের হাত ধরেই তাদের আক্ষেপ ঘুচবে।
আজ রাত ১টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেলেওকাওদের আক্রমণভাগে নেইমারকে যোগ্য সঙ্গ দেবেন কারা? ম্যাচটিতে যাদেরকে একাদশে রাখতে পারেন ব্রাজিল কোচ রোজারিও মিকেল, তাদের মধ্যে আক্রমণভাগে বার্সেলোনা তারকা নেইমারের সঙ্গী হতে পারেন আরও দুই ‘নেইমার’!
তাদের নাম অবশ্য নেইমার নয়, তবে দুজনকেই নতুন ‘নেইমার’ হিসেবে চেনেন ভক্তরা। একজন সান্তোসের স্ট্রাইকার গ্যাব্রিয়েল বারবোসা ও অপরজন পালমেইরাসের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। দুজনকেই ভীষণ পছন্দ করেন ব্রাজিল কোচ ও অধিনায়ক। মজার বিষয়, দুজনের বয়স এখন ১৯ বছর। তরুণ তুর্কিদের নিয়ে ব্রাজিল এগিয়ে যাবে, ভক্তদের প্রত্যাশা এমনই। অলিম্পিক ফুটবলে অধরা স্বর্ণ নিয়ে স্বপ্ন দেখা সেলেকাও দলপতি নেইমার দলগতভাবে খেলেই প্রথমবারের মতো অলিম্পিক শিরোপায় চুমু খেতে চান। ব্রাজিলের বর্তমান অধিনায়ক নেইমারের আত্মবিশ্বাস, ‘এবার আমাদের হাতেই উঠবে শিরোপা।’
দৃঢ় কণ্ঠেই তিনি জানিয়েছেন, ‘অলিম্পিকের জন্য আমি অনেক দিন ধরেই নিজেকে প্রস্তুত করেছি। মাঠ ও মাঠের বাইরে যে কোনও ভূমিকায় আমি দলের হয়ে অবদান রাখতে চাই। শিরোপা জেতার জন্য দলগতভাবে নিজেদের সেরাটা দিয়েই খেলবো আমরা।’
স্বাগতিক ব্রাজিল এবার কি পারবে অলিম্পিকের আসরে অধরা স্বর্ণ জিতে শিরোপা নিজেদের ঘরেই রেখে দিতে? যা পারেননি রোমারিও, কাকা, রোনালদো, রোনালদিনহোরা। ষষ্ঠ বিশ্বকাপ জয়ের চাপ ছিল নেইমারের উপর। এবারও চাপ থাকছে সেই নেইমারের উপরই। যদিও বিশ্বমঞ্চের মতো এতটা গুরুত্বপূর্ণ নয় অলিম্পিক। কিন্তু, নিজেদের ফুটবলের ইতিহাসে যা কোনও ব্রাজিলিয়ান ফুটবলার পারেননি, সেটিই করে দেখানোর চাপ ব্রাজিল অধিনায়ক নেইমারের ওপর!
/এমআর/








