ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম খেলায় আধিপত্য বিস্তার করে খেলেও চট্টগ্রাম আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্র করেছে শেখ জামাল ধানমণ্ডি।
আজ শুক্রবার ময়মনসিংহে অনুষ্ঠিত এ খেলায় শেখ জামালের দুই অর্ধে দুটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করার খেসারত দেয় জামাল। চট্টগ্রাম আবাহনীর সৌভাগ্য যে শেষ পর্যন্ত তারা একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে সমর্থ হয়।
খেলার দ্বিতীয় মিনিটে গোল পেয়ে যেতে পারতো জামাল। গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিংয়ের ক্রস উড়ে এসেছিল দূর পোস্টের কাছে। দুই ফরোয়ার্ড এনামুল হক ও এমেকা ডারলিংটন কেউই বলে মাথা ছোঁয়াতে পারেননি।
২১ মিনিটে আবারও ল্যান্ডিং ঢুকে পড়েন আবাহনী শিবিরে। ডান পায়ের কাট ব্যাকে পরাস্ত করেন আবাহনী ডিফেন্স। চট্টগ্রাম আবাহনী গোলরক্ষক আশরাফুল ইসরাম রানা ডাইভ দিয়ে বল রুখে দিলেও তা গিয়ে পড়ে জামাল মিডফিল্ডার রাকিব সরকারের পায়ে। তবে নিজ দলকে রক্ষা করার জন্য দারুণ রিফলেক্সে আবারও উঠে দাঁড়ান রানা। এবার পা দিয়ে আটকে দেন প্লেসিং শটটি। ক্ষেপে উঠা চট্টগ্রাম আবাহনী সে বলটি নিয়েই গড়ে একটি পাল্টা আক্রমণ। মাঝমাঠ থেকে একা বল নিয়ে জামাল ডিফেন্সে ঢুকে পড়েন মিডফিল্ডার রুবেল মিয়া। নিজ মার্কার তো বটেই আগুয়ান গোলরক্ষক মাকসুদুর রহমান মোশতাককেও পাশ কাটিয়ে যান তিনি। তবে তার নেওয়া কোনাকুনি শটটি গোল লাইন থেকে ফিরিয়ে দেন এ ম্যাচে দারুণ খেলা জামাল ডিফেন্ডার ইয়াসিন খান।
৪১ মিনিটে আবারও আশাহত হয় জামাল। এমেকা ডারলিংটন রাকিব সরকারের স্কয়ার পাসে বক্সের ওপর থেকে ডানপায়ের জোরালো শট নেন তবে বল ক্রসপিসের ওপর দিয়ে যায়।
দ্বিতীয়ার্ধেও জামালের আধিপত্য অব্যাহত থাকে আর আক্রমণের ধারও বাড়াতে থাকে।
৭৯ মিনিটে ল্যান্ডিং ও জামালের দুর্ভাগ্য। ওয়েডসনের থ্রু পাসে বক্সের বাম কোনায় বল নিয়ে নিজ মার্কারকে কাটিয়ে শট নিয়েছিলেন ল্যান্ডিং। কিন্তু বল দূরের সাইড পোস্টে আঘাত করে ফিরে আসে।
ওয়েডসন আবারও তার গতি ও পায়ের কারুকাজের নিদর্শন রাখেন ৮৬ মিনিটে। বাম প্রান্ত দিয়ে বল নিয়ে এগিয়ে চলার সময় তিনি ঝেড়ে ফেলেন তিনজন ডিফেন্ডারের বাধা। করেন চমৎকার একটি কাট ব্যাক, কিন্তু মাত্র তিন থেকে চার গজ দূরত্ব থেকে বল পোস্টে ঠেলতে পারেননি এমেকা ডারলিংটন। ফলে দিনের সহজতম সুযোগ কাজে লাগাতে না পারার ব্যর্থতায় পুড়তে থাকে তারা।
এরফলে ৪ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সংগ্রহ ৮ পয়েন্ট। সমান ম্যাচে জামালের সংগ্রহ ৬।
/এফআইআর/








