স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে উড়িয়ে দিয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে বার্সাকে ৪-০ গোলে হারিয়েছে তারা।
শনিবার এই ম্যাচে নিষ্প্রভই ছিলেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ। উল্টো দিকে শুরু থেকে আক্রমণাত্মক খেলেছে লিভারপুল। তাই গোলের জন্য তাদের আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৫ মিনিটে দলকে এগিয়ে নেন মানে।
৪১ মিনিটে গোল শোধের একটি সুযোগ পেলেও সেটি হাতছাড়া করেন বার্সার মুনির এল হাদ্দাদি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে আরও দুই গোল খেয়ে বার্সেলোনার ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায়।
উল্টো ৪৭ মিনিটে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন আর্জেন্টিনার হাভিয়ের মাসচেরানো। এরপরের মিনিটে দিভোক ওরিগির গোলে ৩-০ স্কোর লাইন করে লিভারপুল।
৯০ মিনিটে মার্কো গ্রুইচের গোলে ব্যবধান ৪-০ করে ইংলিশ ক্লাবটি।
/এফআইআর/








