দুই সপ্তাহের ছুটি কাটিয়ে আজ বুধবার সকালে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বেলজিয়ান হেড কোচ টম সেইন্টফিট। বিকেলে বাফুফে ভবনে সাংবাদিকদের তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবারই বাফুফের সঙ্গে চুক্তি সই করবেন তিনি।
তবে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার চুক্তি সই হচ্ছে না। তিনি বলেন, 'সভাপতিসহ বাফুফের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাদের পাওয়া যাচ্ছে না বলে চুক্তি সই অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। কাগজপত্র সবই চূড়ান্ত করা হয়েছে। দুই একদিন পর চুক্তি সম্পন্ন হবে।'
এর আগে সেইন্টফিট সাংবাদিকদের বলেন, 'বাংলাদেশে ফিরে এসে আমি আনন্দিত। কাল বাফুফের সঙ্গে চুক্তি সই করবো। আমার পল স্মলির (বাফুফের নবনিযুক্ত টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর) সঙ্গে কথা হয়েছে। আমরা দুজনই বাংলাদেশেল ফুটবল উন্নয়নে কাজ করে যাবো।'
/আরএম/এমআর/







